১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরশিনগরের 'সিদ্ধার্থ' আসছে মঞ্চে

দুই ধাপে এই নাটকের ১১টি প্রদর্শনী হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 12:35 AM

Updated : 26 Aug 2026, 05:09 PM

নাট্যদল আরশিনগরের চতুর্থ প্রযোজনা 'সিদ্ধার্থ' আসছে ঢাকার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে। 

বুধ থেকে শুক্রবার টানা তিনদিনে নাটকটির চারটি প্রদর্শনী হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

প্রথম দুইদিন বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় একটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে এবং শুক্রবার বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় থাকবে আরও দুটি প্রদর্শনী।

এর আগে দুই ধাপে এই নাটকের ১১টি প্রদর্শনী হয়েছে বলেও জানিয়েছে আরশিনগর।

নোবেলজয়ী সাহিত্যিক হেরমান হেসের লেখা উপন্যাসটির অনুবাদ করেছেন জাফর আলম। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ।

গৌতম বুদ্ধের আরেক নাম সিদ্ধার্থ হলেও হেরমান হেসের সিদ্ধার্থ গৌতম বুদ্ধ নয় জানিয়ে নির্দেশক রেজা আরিফ বলেন, “গৌতম বুদ্ধের ঔজ্জ্বল্যে আড়াল হয়ে পড়া গৌতমের ব্যক্তিগত মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে।”

নাটকের গল্পে দেখা যাবে, ব্রাহ্মণ কুমার সিদ্ধার্থ পিতার অমতে ঘর ছাড়ে এবং সন্ন্যাস গ্রহণ করে। দীর্ঘ তিন বছর সন্ন্যাসব্রতের কঠোর সাধনা, আত্ম-নিগ্রহ, উপবাস, দৈহিক নির্যাতনের পর সন্ন্যাস ত্যাগ করেন তিনি। এরপর সৌভাগ্য হয় বুদ্ধের সাক্ষাৎ লাভ ও উপদেশ শোনার আশ্চর্য অভিজ্ঞতার। কিন্তু বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ না করে পথে বেরিয়ে পড়ে সিদ্ধার্থ। পরিচয় হয় নতুন এক জীবনের সাথে। সে জীবনের নাম সংসার-সন্তান লাভের খেলা।

দীর্ঘ কুড়ি বছর সে জীবনের নেশায় বুদ হয়ে থাকার পর সিদ্ধার্থের মনে হয় এ খেলা শেষ হয়েছে। সিদ্ধার্থ সে জীবন ত্যাগ করে আশ্রয় নেয় নদীর কাছে। নদীর কাছে থাকতে থাকতে সিদ্ধার্থ শেখে নদীর ভাষা। উপলব্ধি করে জীবনের বৃহত্তর মানে। জীবন ও মৃত্যু, পাপ ও পূণ্য, বোধ ও নির্বুদ্ধিতা-সবকিছুরই প্রয়োজন আছে জীবনে। এ সকল অভিজ্ঞতা জীবনকে পূর্ণ করে। এ অভিজ্ঞতার নামই জ্ঞান। যা কাউকে শেখানো যায় না; অর্জন করতে হয়।

রেজা আরিফ বলেন, “প্রযোজনাটির চূড়ান্ত মনোযোগ জীবনোপলব্ধির প্রতি, বাহ্যিক আভরণে নয়। নাটক শেষ করে জীবন সম্পর্কে নতুন ধারণা আর অজস্র প্রশ্ন নিয়ে বের হবেন থিয়েটার থেকে।”

নাটকে অভিনয় করবেন পার্থ প্রতিম, কাজী নওশাবা আহমেদ, জিনাত জাহান নিশা, ওয়াহিদ খান সংকেত, নাজমুল সরকার নিহাত, মাঈন হাসান, রেফাত হাসান সৈকত, ইসনাইন আহমেদ জিম, শাহাদাত নোমান, মাইনউদ্দিন বাবু, প্রিন্স সিদ্দিকী, এস. এম. মাহাফুজুর রহমান, আরিফুল ইসলাম নীল, আলী আক্কাছ আকাশ, পলি পারভীন, আজমেরী জাফরান রলি, প্রজ্ঞা প্রতীতি, জিতাদিত্য বড়ুয়া, নাসিম পারভেজ প্রভাত, জেরিন চাকমা, ক্যামেলিয়া শারমিন চূড়া, সাজ্জাদুল শুভ, নাফিসা নূর নোভা, দেবাশীষ চন্দ্র দুর্লভ, অদ্বিতীয়া ধর পদ্য, অভিজ্ঞান ধর কাব্য, শাকিল মাহমুদ মিহির, উৎপল নীল, জাহিদুল ইসলাম জাহিদ, বর্ণময় হৃদয়, সারিকা ইসলাম ঈষিকা, ইমাদ ইভান, রাদিফা নারমিন, হিমালয় রাজপাল হিমু, ফারজানা জলি।