২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন স্বাগতা

স্বাগতা বিয়ে করেছেন তার প্রেমিক হাসান আজাদকে।

বিয়ে করলেন স্বাগতা

স্বাগতার স্বামী হাসান আজাদ লন্ডন প্রবাসী বাংলাদেশি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 01:30 PM

Updated : 26 Jan 2024, 04:34 PM

ঘোষণা দেওয়াই ছিল, এবার ছবি দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করলেন অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা।

স্বাগতা বিয়ে করেছেন তার প্রেমিক হাসান আজাদকে।

রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে তাদের বিয়ে হয় বুধবার। পরদিন স্বাগতা তার বিয়ের ছবি ফেইসবুকে শেয়ার করেছেন।

স্বাগতার স্বামী হাসান আজাদ লন্ডনপ্রবাসী বাংলাদেশি। তার জন্ম ও পড়াশোনা যুক্তরাজ্যে। কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা আজাদ পেশায় ব্যবসায়ী।

তবে ব্যবসার বাইরে সংগীত জগতের সঙ্গে জড়িত আজাদ কেবল গান লেখেনই না, তাতে সুর করেন এবং মিউজিক কম্পোজও করেন।

স্বাগতার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন তিনি। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর বিচ্ছেদ হয় তাদের।

Image

গেল বছর আজাদের সঙ্গে এক বান্ধবীর মাধ্যমে পরিচয়ের পর তাদের বন্ধুত্ব গড়ে উঠে।

গেল বছর হাসান আজাদের সঙ্গে এক বান্ধবীর মাধ্যমে পরিচয়ের পর তাদের বন্ধুত্ব গড়ে উঠে। পরবর্তীতে দুই পরিবারের জানাজানি হলে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

বড় হয়ে অভিনয়ে আসার আগে শিশুশিল্পী হিসেবে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়া গান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন তিনি।

এরপর ২০০৫ সালে 'ইউ গট দ্য লুক' এর শীর্ষ বিজয়ী হয়ে স্বাগতা ছোটপর্দার পরিচিত মুখ হয়ে ওঠেন।

২০০৭ সালে মান্নার বিপরীতে ‘শত্রু শত্রু খেলা’  সিনেমার মাধ্যমেও তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। পরে অবশ্য সিনেমার পর্দায় স্বাগতাকে আর দেখা যায়নি।  

এ ছাড়া ‘মহাকাল’ নামে একটি ব্যান্ডদলেও আছেন স্বাগতা। সম্প্রতি ওয়েব সিরিজ ‘কাইজার’ এ অভিনয় করে  প্রশংসিত হন।