তিন নাটক নিয়ে ঢাকায় আসছেন গৌতম হালদার
গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে প্রদর্শিত হবে নাটক তিনটি।
ভারতের নন্দিত অভিনেতা গৌতম হালদার অভিনীত ও নির্দেশিত ৩টি নাটকের প্রদর্শনী হবে ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।
গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে ঢাকায় আসবেন গৌতম হালদার। আগামী ২৭ অক্টোবর ‘মরমিয়া মন’, ২৮ অক্টোবর ‘নক্সী কাঁথার মাঠ’ এবং ২৯ অক্টোবর ‘বড়দা বড়দা’ মঞ্চস্থ হবে।
দুই দেশের শিল্পীদের পারস্পরিক সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় ও জনগণের সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে আগামী ২১ থেকে ৩১ অক্টোবর ১১ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২২ এর আয়োজন করেছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ।
এই উৎসবে গৌতম হালদার ছাড়াও ভারতের নাট্যদল অনিক ও ছন্দে ছন্দে মঞ্চস্থ করবে ‘পিরানদেল্লা ও পাপেটিয়ার’ এবং ‘প্রদোষ’।
এবারও গঙ্গা-যমুনা উৎসবে ভেন্যু হিসেবে আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল, জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তন, মুক্তমঞ্চ এবং বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তন।
