১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রস্মিতাকে বিয়ে করে অনুপম বললেন ‘নতুন করে’

দক্ষিণ কলকাতার এক ক্লাবে অনুপম-প্রস্মিতার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2024, 10:45 AM

Updated : 03 Mar 2024, 04:01 PM

এলাহী কোনো আয়োজন নয়, ঘরোয়াভাবে ফাল্গুনের এক সন্ধ্যায় চার হাত এক হয়েছে কলকাতার জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায় ও প্রস্মিতা পালের।

আনন্দবাজার লিখেছে, গেল মাসের শেষ দিকে ঘোষণা দেওয়ার পর বিয়ে সারতে বেশি সময় নেননি এই জুটি।

পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে শুক্রবার আইনিভাবে বিয়ে সেরেছেন অনুপম ও প্রস্মিতা।

শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক ক্লাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে দুজনে আংটি বদলও করেন। বিয়ের ছবি দিয়ে ইনস্টাগ্রামে অনুপম লিখেছেন ‘নতুন করে’।

সংবর্ধনা আয়োজনে গোলাপি বেনারসি শাড়ির সঙ্গে হালকা গয়নায় সেজেছিলেন প্রস্মিতা। আর পাঞ্জাবি পরেছিলেন অনুপম।

আমন্ত্রিতদের মধ্যে সংগীত ও অভিনয় জগতের উপল সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়, প্রবুদ্ধ রাহাসহ আরও অনেকে এসেছিলেন।

এটি অনুপমের দ্বিতীয় বিয়ে। ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। ২০২১ সালে সেই সংসার ভেঙে যায়।

গত বছরের নভেম্বরে কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়ার বিয়ের খবর এলে সোশাল মিডিয়াসহ ঢাকা-কলকাতার সংবাদমাধ্যমে অনুপমের নামটি আসে বারবার।

প্রস্মিতা ও অনুপম একসঙ্গে ‘হাইওয়ে’ সিনেমায় ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন। তখন থেকে তাদের আলাপ।

প্রস্মিতার ভাষ্য, অনুপমের সঙ্গে আলাপের পর গত এক বছর ধরে সম্পর্কে আছেন তারা।

“সম্পর্ক কিছুদিন গড়ানোর পর মনে হল যে, পরবর্তী পর্যায়ে আমরা এগোতে পারি। তারপরেই বিয়ের সিদ্ধান্ত নিই।“

প্রস্মিতা বলেন, “নতুন একটা যাত্রা শুরু করতে চলেছি। আমি খুবই আশাবাদী। আমাদের চারপাশে সকলে ভালো থাকলে আমরা ভালোই থাকব।“

এছাড়া তাদের নিয়ে সোশাল মিডিয়ায় কোনো বিদ্রুপ বা সমালোচনা হলেও সেসবের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানিয়েছেন এই গায়িকা।

ভালো কিছু হবে বলে প্রত্যাশা রেখেছেন অনুপমও।

পুরনো খবর:

পুরানো খবর:

ট্রল নিয়ে যা বললেন অনুপমের হবু স্ত্রী

পুরানো খবর:

অনুপমের হবু কনেকে কজন চেনেন?

পুরানো খবর:

পরমব্রত-পিয়ার বিয়ে, অনুপমের মন খারাপের গান