২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে যৌন নিপীড়নের মামলা থেকে রেহাই পেলেন কেভিন স্পেসি

এ মামলা দায়ের করেছিলেন আরেক অভিনেতা অ্যান্টনি রাপ।

নিউ ইয়র্কে যৌন নিপীড়নের মামলা থেকে রেহাই পেলেন কেভিন স্পেসি

কেভিন স্পেসি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2022, 11:01 PM

Updated : 21 Oct 2022, 11:03 PM

অস্কারজয়ী অভিনেতা কেভিন স্পেসির বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়নের মামলা খারিজ করে দিয়েছে নিউ ইয়র্কের আদালত।

তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেছিলেন আরেক অভিনেতা অ্যান্টনি রাপ। তার অভিযোগ ছিল, ১৯৮৬ সালে এক পার্টিতে তিনি ওই নিপীড়নের শিকার হয়েছিলেন; তখন তার বয়স ছিল ১৪ বছর।  

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্টনি রাপের বয়স এখন ৫০ বছর। ২০২২ সালে তার করা এ মামলায় কেভিন স্পেসির কাছে প্রায় ৪ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল।

আমেরিকান বিউটি ও দ্য ইউজুয়াল সাসপেক্টস সিনেমার অভিনেতা কেভিন স্পেসি তার বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছিলেন সেসময়।

অবশ্য এটাই শেষ নয়, তার বিরুদ্ধে যৌন নিপীড়নের আরও পাঁচটি মামলা চলছে যুক্তরাজ্যে। সেসব মামলাতেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। আগামী বছর সেসব মামলার বিচার শুরু হওয়ার কথা। 

রাপ দাবি করেছিলেন, ম্যানহটনের একটি অ্যাপার্টমেন্টে ওই পার্টিতে যখন তাদের পরিচয় হয়, স্পেসির বয়স তখন ২৬ কি ২৭ বছর।

২০১৭ সালের অক্টোবরে বাজফিডের এক নিবন্ধে রাপ লিখেছিলেন, স্পেসি তাকে তুলে নিয়ে একটি বিছানায় শুইয়ে দেন এবং নিজেও তার উপরে আংশিকভাবে শুয়ে পড়েন।

“আমি বুঝতে পারছিলাম, সে আমার সাথে যৌন সম্পর্কে জড়াতে চাইছিল।”

ম্যানহটনের ফেডারেল আদালতে তিন সপ্তাহের বিচারে রাপ তার সেই দাবি প্রমাণ করতে পারেননি।

স্পেসি বলেছেন,  পাঁচ বছর আগে রাপ যখন ওই অভিযোগ তুললেন, তিনি হতবাক হয়েছিলেন।

৬৩ বছর বয়সী এই অভিনেতা সে সময় বলেন, “ওর বয়স তখন ছিল কম, শারীরিক কোনো আকর্ষণই আমি অনুভব করিনি।”

যৌন অসদাচরণের একাধিক অভিযোগের কারণে হলিউড তারকা স্পেসির স্টেজ ক্যারিয়ার রীতিমতো ধসে গেসে। রাজনৈতিক ড্রামা সিরিজ ‘হাউস অফ কার্ডস’ থেকে তাকে বাদ দিয়েছে নেটফ্লিক্স। ক্রিস্টোফার প্লামারও ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ এর জে পল গেটির ভূমিকা থেকে তাকে সরিয়ে দিয়েছেন।