Published : 14 Dec 2025, 11:52 AM
খুলনার মাটির গন্ধ, নদীর গল্প আর মানুষের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘দেলুপি’ এবার নেদারল্যান্ডসের 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে' প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে।
আগামী বছরের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে বসবে এই উৎসবের ৫৫তম আসর।
মোহাম্মদ তাওকীর ইসলাম নির্মিত এই সিনেমাটি 'ব্রাইট ফিউচার' ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে।
রটারড্যামে দেলুপির যাত্রা নিয়ে উচ্ছ্বস প্রকাশ করে বিজ্ঞপ্তিতে পরিচালক তাওকীর বলেন, “রটারড্যাম থেকে আমরা যখন প্রথম মেইল পেয়ে জানতে পারি তারা সিনেমাটির 'ওয়ার্ল্ড প্রিমিয়ার' করতে চায়, তখন একটু বিপাকেই পড়ে গেছিলাম। কেননা আমরা সিনেমা বানানোর সময় দেলুটি ইউনিয়নের মানুষদেরকে কথা দিয়েছিলাম যে সিনেমাটা তাদেরকেই প্রথমে দেখাবো।
“আমাদেরও ইচ্ছা ছিল আগে বাংলাদেশের মানুষদের সিনেমাটা দেখানোর। আমাদের এই ইচ্ছাটা ফেস্টিভ্যালের অর্গানাইজারদের জানিয়েছিলাম। তারাও রাজি হয় এ ব্যাপারে।”
বিশ্বের সেরা নির্মাতা ও উদীয়মান প্রতিভাদের সঙ্গে সিনেমাটি নিয়ে এক মঞ্চে তা বাংলাদেশের জন্য গর্বের জানিয়ে তাওকীর বলেন, “রটারড্যামের মত বিশ্বমানের প্ল্যাটফর্মে বাংলাদেশি চলচ্চিত্রের অংশগ্রহণ দেশের চলচ্চিত্রশিল্পের জন্য গর্বের বিষয়। বিশ্বের সেরা নির্মাতা, উদীয়মান প্রতিভা ও আর্টহাউস সিনেমার প্রতিনিধিত্বকারীরা অংশ নেবেন। এতে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত।”
খুলনার দেলুটি ইউনিয়নের মানুষ ও তাদের জীবনের বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত 'দেলুপি’ গেল ৭ নভেম্বর খুলনায় মুক্তি পায়।
সিনেমার চিত্রনাট্যে উঠে এসেছে দেশের প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম, এবং এই সময়ের রাজনৈতিক বাস্তবতা।
সিনেমা অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে; তারা প্রত্যেকেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
‘দেলুপি’ নিয়ে নির্মাতা তাওকীর ইসলাম জানিয়েছেন, নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে দেলুপির গল্প। যা কেবল এই অঞ্চলের নয়, বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের গল্প।
এই সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় নির্দেশনায় অভিষেক হয়েছে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে তাওকীর ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ‘শাটিকাপ’, পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’।
সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।
আরও পড়ুন:
খুলনার পর ঢাকায় এসেছে 'দেলুপি'
দেলুপি সিনেমার টিকেটের টাকার অংশ পাবে কড়াইলবাসী