Published : 02 Dec 2025, 12:58 AM
টিকেট বিক্রি থেকে পাওয়া অর্থের কিছু অংশ ঢাকার কড়াইলে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করার ঘোষণা দিয়েছেন ‘দেলুপি’ সিনেমার প্রযোজক।
মঙ্গলবার থেকে দেশব্যাপী ‘দেলুপি’ সিনেমার প্রদর্শনীতে যত টিকেট বিক্রি হবে; তা থেকে প্রযোজক তার অংশের টাকা দেবেন কড়াইলবাসীর কল্যাণে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দেলুপি টিম বলেছে, বস্তিবাসীর অপূরণীয় ক্ষতি পূরণের চেষ্টা এটি নয়, বরং তাদের সঙ্গে দেলুপি টিমের এটি একাত্মতা ঘোষণা।
দেলুপি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। সিনেমাটি এখন দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
গত ২৫ নভেম্বর ভয়াবহ আগুনে হাজারের বেশি ঘর পুড়েছে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণ আসে আগুন। এখন অনেক পরিবারের দিন কাটছে খোলা আকাশের নিচে।
‘দেলুপি’ সিনেমাটিও নির্মিত হয়েছে প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম, এবং এই সময়ের রাজনৈতিক বাস্তবতা নিয়ে।
খুলনার ‘দেলুপি’ ইউনিয়নের মানুষের জীবন সংগ্রাম এই সিনেমার মূল উপজীব্য।
এ সিনেমার মধ্য দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক হয়েছে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে ওয়েব সিরিজ শাটিকাপ ও সিনপাট নির্মাণ করে পরিচিতি পেয়েছেন তাওকীর।