১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দেশে ‘যাত্রা’ নাকি ‘কাওয়ালি’ হবে?

ট্রেইলারে সরকার পতন পরবর্তী সময়ের প্রতিধ্বনি ভেসে এসেছে।

দেশে ‘যাত্রা’ নাকি ‘কাওয়ালি’ হবে?
'দেলুপি' সিনেমার ট্রেইলারের দৃশ্য। ছবি: পরিচালকের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 10:28 PM

Updated : 10 Sep 2026, 12:46 PM

পোস্টার, টিজার, মুক্তির তারিখ-এসব নিয়ে ব্যতিক্রমী প্রচারে আছে সিনেমা ‘দেলুপি’। এবার প্রকাশ হয়েছে সিনেমার ট্রেইলার। 

এক মিনিট ৪৫ সেকেন্ডের এই ট্রেইলারে ফুটে উঠেছে খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবন, রাজনীতি, ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম এবং সাধারণ মানুষের টিকে থাকার লড়াই।

এর আগে প্রকাশ পাওয়া টিজারে দেখা গিয়েছিল ৫ অগাস্টের সরকার পতনের ছায়া; আর ট্রেইলারে সরকার পতন পরবর্তী সময়ের প্রতিধ্বনি ভেসে এসেছে। 

ট্রেইলারের এক চরিত্রের সংলাপে শোনা গেছে, "দেশের পরিবেশ-পরিস্থিতি যা, তাতে যাত্রা হবে না কাওয়ালি হবে, বুঝে উঠতে পারছি না।" 

‘দেলুপি’ সিনেমা খুলনায় মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর আর ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ১৪ নভেম্বর থেকে। 

এই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটছে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের। 

'দেলুপি' সিনেমার ট্রেইলারের দৃশ্য। ছবি: পরিচালকের সৌজন্যে। 

'দেলুপি' সিনেমার ট্রেইলারের দৃশ্য

বিজ্ঞপ্তিতে তাওকীর ইসলাম বলেন, “আমি গণমানুষের কথা বলতে চেয়েছি সব সময়। সাধারণ মানুষের গল্প সাধারণ মানুষকে নিয়েই বলতে চাই। আমার নির্মাণগুলোতে চেষ্টা থাকে স্থানীয় অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করার। এই সিনেমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।"

সিনেমার সব অভিনেতাই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। এতে অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো. জাকির হোসেনসহ অনেকে।

প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস। 

‘দেলুপি’ সিনেমাতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে এই অভিনেতা বলেন, "আমি খুবই আনন্দিত, এই সিনেমাতে অভিনয় করতে পেরে।  পরিচালক-প্রযোজকসহ টিমের প্রত্যেকটা মানুষ, সবাই মিলে আমাকে খুবই সাহায্য করেছে। আমি নতুন মানুষ, প্রথমবার সিনেমা করছি, তাদের কাছ থেকে খুবই সাহায্য পেয়েছি।"

'দেলুপি' সিনেমার ট্রেইলারের দৃশ্য। ছবি: পরিচালকের সৌজন্যে। 

'দেলুপি' সিনেমার ট্রেইলারের দৃশ্য

যাত্রায় অভিনয় করা অদিতি রায় প্রথমবারের মত কাজ করেছেন সিনেমায়, অভিনয় করছেন নূপুর চরিত্রে। 

অদিতি রায় বলেন, "দেলুপিতে অভিনয় অভিজ্ঞতা আমার খুবই ভালো। আমি কখনো এ রকম কাজ করিনি। এর আগে আমি যাত্রায় অভিনয় করেছি। সেখান থেকে এই জায়গায় আসা; যাত্রা অভিনয় আর এখানকার অভিনয়ে আলাদা। সব মিলিয়ে এই সিনেমায় কাজ করা অনেক ভালো অনুভূতি তৈরি করেছে।”

‘দেলুপি’ নিয়ে নির্মাতা তাওকীর ইসলাম জানিয়েছেন, নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে দেলুপির গল্প। যা শুধু এই অঞ্চলের নয়, বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের গল্প।

সিনেমার শুটিং হয়েছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে। 'শাটিকাপ' ও 'সিনপাটের' মত দেলুপি সিনেমাতেও অভিনয় করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন: 

তাওকীরের 'দেলুপিযে কারণে আগে খুলনায়

'প্রধানমন্ত্রী পলাইছেশুনিছিস?', দেলুপির টিজারে রাজনৈতিক ইঙ্গিত

'দেলুপিনিয়ে প্রথমবারের মত প্রেক্ষাগৃহে আসছেন তাওকীর

'গোধূলি লগ্নে', মান্নাকে শ্রদ্ধা 'দেলুপিসিনেমার গানে