১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘দেলুপি’ নিয়ে প্রথমবারের মত প্রেক্ষাগৃহে আসছেন তাওকীর

খুলনার দেলুটি ইউনিয়নের মানুষ ও তাদের জীবনের বাস্তবতা থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছেন ‘দেলুপি’ নামের সিনেমা।

‘দেলুপি’ নিয়ে প্রথমবারের মত প্রেক্ষাগৃহে আসছেন তাওকীর
‘দেলুপি’ সিনেমার পোস্টার ও নির্মাতা তাওকীর ইসলাম। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2025, 06:35 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ সিরিজ দিয়ে প্রশংসিত নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম এবার সিনেমা বানাচ্ছেন।

খুলনার দেলুটি ইউনিয়নের মানুষ ও তাদের জীবনের বাস্তবতা থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছেন ‘দেলুপি’ নামের সিনেমা।

প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন থেকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

‘দেলুপি’ নিয়ে নির্মাতা তাওকীর ইসলাম জানিয়েছেন, নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে দেলুপির গল্প। যা শুধু এই অঞ্চলের নয়, বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের গল্প।

তাওকীর বলেন, "আমি সব সময়ই মানুষের বাস্তব গল্পগুলো বলতে চেয়েছি। দেলুপি মূলত সেই চেষ্টারই আরেক ধাপ। এই সিনেমার প্রতিটি চরিত্র, প্রতিটি ফ্রেম আসলে মানুষ ও তাদের জীবনের অংশ। আমার কাছে সব সময় গুরুত্বপূর্ণ ছিল মানুষের সত্যিকার অনুভূতিগুলো তুলে ধরা।"

সিনেমার শুটিং হয়েছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে। 'শাটিকাপ' ও 'সিনপাটের' মত দেলুপি সিনেমাতেও অভিনয় করেছেন স্থানীয়রা।