২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ওয়ান ট্রু সাউন্ড’: গাইবেন মিনার রহমান

মিনারের অনুষ্ঠান শুরু হবে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তেজগাঁওয়ে ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে।

'ওয়ান ট্রু সাউন্ড’: গাইবেন মিনার রহমান
'ওয়ান ট্রু সাউন্ড’ এ গাইবেন মিনার রহমান

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2024, 11:00 AM

Updated : 26 Aug 2026, 10:34 AM

'ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের গানের অনুষ্ঠানে এবার গাইবেন শিল্পী মিনার রহমান। 

রাজধানীর তেজগাঁওয়ে ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে শুক্রবারের ওই অনুষ্ঠানে গায়কের সঙ্গে দর্শকরা সরাসরি কথা বলতে পারবেন। 

এছাড়া দর্শকদের পক্ষ থেকে গানের অনুরোধসহ সেলফি তোলারও সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশের প্রোডাক্ট এক্সকিউটিভ ফাহাদ আলম অনিক।

আয়োজক বলেছেন, মিনারের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়; প্রবেশ মূল্য ধরা হয়েছে ১২০০ টাকা। 

সাধারণত একজন শিল্পীকে নিয়েই 'ওয়ান ট্রু সাউন্ড’ আয়োজন করে থাকে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

অনিক গ্লিটজকে বলেন, "আমরা 'এক্সক্লুসিভ' শো আয়োজন করার চেষ্টা করি। আমাদের এই আয়োজনে ১৫০ থেকে সর্বোচ্চ ১৮০ জন দর্শক থাকেন।“

দর্শকের সঙ্গে শিল্পীর সরাসরি যোগাযোগ তৈরির উদ্দেশ্য নিয়ে দীর্ঘদিন ধরে এই আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন অনিক। শুরুর পর থেকে প্রায় ৩৫টি শো করেছে এই আয়োজক প্রতিষ্ঠান।

অনিক বলেন," ছোট পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে স্টেজের সামনে থেকে দর্শক শিল্পীর সঙ্গে কথা বলতে পারেন, নানা প্রশ্ন করতে পারেন, পছন্দের গানের অনুরোধ জানাতে পারেন। শিল্পীকে একদম কাছ থেকে দেখে নিজেদের অনুভূতিও শেয়ার করতে পারে। 

“এছাড়া শিল্পীরাও তাদের নানা কথা, অভিজ্ঞতা তুলে ধরতে পারে শোয়ে। থাকে ফটোসেশন পর্বও।" 

কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে এই আয়োজক বলেন, "যারা কনসার্টে খুব ক্রাউড পছন্দ করেন না, তারা খুব উপভোগ করে, এই অনুষ্ঠানটি। শো চলে প্রায় ৩ ঘণ্টা ধরে। এর মধ্যে আধা ঘন্টা বিরতি থাকে। 

“প্রথম দিকে একটু কম ছিল, কিন্তু এখন অনেক ভালো সাড়া পাচ্ছি। যে প্রত্যাশা থেকে ব্যাতিক্রমী এই আয়োজন সেটা পূরণ হচ্ছে। শিল্পী ও দর্শক নিয়ে একটি প্রাণবন্ত অনুষ্ঠান করতে পারছি আমরা।' 

তাহসান খান, মিফতাহ জামান, ব্যান্ড নেমেসিস ব্যান্ড, কাকতাল, রেনেসাঁ ব্যান্ড, ব্লুজ ব্রাদার অ্যান্ড সোল সিস্টার, ব্ল্যাক জেং, পার্থিব, মেঘদল, সোনার বাংলা সার্কাস, হাতিরপুল সিজনসহ আরো অনেক ব্যান্ড ও শিল্পীরা এই অনুষ্ঠানে পারফর্ম করেছে।

২০০৮ সালের অগাস্টে মিনারের প্রথম একক অ্যালবাম ‘ডানপিটে’ প্রকাশিত হয়। ওই অ্যালবামের ‘সাদা’, ‘বন্ধু’, ‘জানি’ গান তিনটি বেশ জনপ্রিয়তা পায়। 

এছাড়া, 'কার   ণে অকারণে', 'ঝুম', 'আবার', 'কেউ কথা রাখেনি' সহ বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে।