২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালাইকা মজা পাচ্ছেন আবার বিরক্তও হচ্ছেন, কেন?

মালাইকা বলেন, তিনি জীবনের এমন জায়গায় দাঁড়িয়ে আছেন, যেখানে কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 10:21 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী মালাইকা অরোরা বলেছেন, তাকে যে পুরুষ সঙ্গীর সঙ্গেই দেখা যাক না কেন, তাকে ঘিরে শুরু হয়ে যায় আলোচনা বা কটাক্ষ। 

মালাইকার কথায়, “হোক তিনি বিবাহিত বা আমার বন্ধু বা সমকামী, তাকে নিয়ে কথা শুরু হয়ে যায়।”

এনডিটিভি বলছে, এর মধ্যে একটি অনুষ্ঠানে হাজির হয়ে মালাইকা এ কথা বলেন। সেখানে অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা তার বর্তমান অবস্থা এবং প্রাক্তন প্রেমিককে নিয়ে কথা বলেন।

একটা সময়ে মালাইকা ও অর্জুনের প্রেম যেমন আলোচিত ছিল, ২০২৪ সালে তাদের বিচ্ছেদ নিয়েও কম কথা হয়নি। 

বিচ্ছেদের পর অর্জুন নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করলেও মালাইকা বলেছেন, সম্পর্ক ভেঙে গেলেও অর্জুন তার জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ। 

তবে ৩৩ বছর বয়সী হর্ষ মেহতা নামের এক হীরা ব্যবসায়ীর সঙ্গে বেশ কয়েকবার মালাইকাকে দেখা গেছে। শোনা যাচ্ছে এই তরুণের সঙ্গেই সম্পর্কে আছেন মালাইকা। 

এ প্রসঙ্গে মলাইকা বলেন, “আসলে অনেকে অনেক কথাই তো বলে। আর আমি যখনই আমার পুরনো বন্ধু থেকে কোনও সমকামী পুরুষ অথবা বিবাহিত পুরুষ, যার সঙ্গেই বের হই না কেন, আমার সঙ্গে তার নাম জুড়ে দেওয়া হয়। নিত্যনতুন নাম শুনে আমার মা প্রশ্ন করে, নতুন ব্যক্তিটি কে? আমরা এখন এগুলো নিয়ে হাসাহাসি করি আবার বিরক্তও হই।’’

সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুনের মালাইকার সম্পর্কের শুরু ২০১৮ সালে। মালাইকার ৪৫তম জন্মদিনে নিজের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন অর্জুনকে। 

এর পর ২০২৪ সালে সোশাল মিডিয়ায় মালাইকার একটি পোস্টে দুজনের সম্পর্কের সংকট সামনে আসে। পাল্টা পোস্ট দেন অর্জুনও। বিষয়টি নিয়ে দীর্ঘ চর্চার পর অর্জুন সে বছর নিজেকে ‘সিঙ্গেল’ বলে ঘোষণা দেওয়ার পর দুজনের আলাদা হওয়ার বিষয়টি পরিস্কার হয়। 

তবে এত বছর একসঙ্গে থাকার পরও তারা বিয়ে করেননি।

দীর্ঘ ক্যারিয়ারে সঞ্চালনা, টিভি রিয়েলিটি শোর বিচারক, মডেলসহ নানা ধরনের কাজে মালাইকাকে পাওয়া যায়। তবে মোটাদাগে সাধারণ দর্শকের কাছে তিনি পরিচিতি পেয়েছেন আইটেম গানের অভিনেত্রী হিসেবে। ‘ছাইয়া ছাইয়া’ ছাড়াও ‘মুন্নি বদনাম’, ‘আনারকলি ডিসকো চালি’, ‘পান্ডে জি সিটি’সহ বিভিন্ন গানে মালাইকা দর্শকপ্রিয়তা পেয়েছেন।

তবে মালাইকা মনে করেন তার ব্যক্তিগত সম্পর্কগুলোই প্রায় তার কাজের চেয়ে বেশি আলোচনায় এসেছে। 

তার কথায়, “আমার জীবন কি কেবলই আমার ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ?”

এই অভিনেত্রী বলেছেন, তিনি জীবনের এমন জায়গায় দাঁড়িয়ে আছেন, যেখানে কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই।