১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সায়ন্তিকার সঙ্গে জায়েদ খান, কক্সবাজারে চলছে শুটিং

বুধবার সকালে কলকাতা থেকে ঢাকায় পৌঁছেছেন সায়ন্তিকা, বিমানবন্দরে জায়েদ খান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা একসঙ্গে কক্সবাজার যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 08:09 PM

Updated : 30 Aug 2023, 08:34 PM

কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান।

তাজু কামরুল পরিচালিত 'ছায়াবাজ' নামের এই সিনেমাটির শুটিং চলছে কক্সবাজারে।

কক্সবাজার থেকে জায়েদ খান গ্লিটজকে বলেন, “টানা ১০ দিন আমরা এখানে শুটিং করব। আমার সঙ্গে সায়ন্তিকা অভিনয় করছেন।”

বিকালে মোবাইল ফোনে যখন জায়েদ খান কথা বলছিলেন, কক্সবাজারে তখন বৃষ্টি হচ্ছিল।

জায়েদ খান বলেন, “এখানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। এজন্য এখন শুটিং বন্ধ রয়েছে।

বুধবার সকালে কলকাতা থেকে ঢাকায় পৌঁছেছেন সায়ন্তিকা, বিমানবন্দরে জায়েদ খান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা একসঙ্গে কক্সবাজার যান। বৃহস্পতিবার থেকে পুরোদমে শুটিং হবে বলে জানান জায়েদ খান।

সায়ন্তিকা এর আগে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন। সেটি ছিল ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা।

কিছুদিন আগেই ভারতীয় গণমাধ্যমে খবর আসে জায়েদ খান ও সায়ন্তিকা নতুন সিনেমায় অভিনয় করবেন। তবে সে সময় বাংলাদেশের সাংবাদিকদের কাছে খবরটি সঠিক নয় বলে জানিয়েছিলেন জায়েদ।

সেই মিথ্যা খবরটিই কি তবে এবার সত্যিই হল জানতে চাইলে জায়েদ খান বলেন, “তখন তো প্রাথমিক আলোচনা হয়েছিল, চূড়ান্ত কিছু হয়নি। আমি সাইনও করিনি। এরপর সিনেমাটি চূড়ান্ত করেছিলাম।”