Published : 17 Sep 2026, 02:51 PM
ভারতের হিন্দি সিনেমার তারকা দম্পতি কারিনা কাপুর ও সাইফ আলী খান দুজনের কেউই চান না, তাদের দুই সন্তানের হাতে মোবাইল ফোন থাকুক। দুই ছেলে কতটুকু সময় মোবাইলে গেইম খেলবে তা নজরে রাখেন কারিনা নিজে।
সন্তানদের ফোন ও প্রযুক্তি ব্যবহারের প্রসঙ্গে নিজের উদ্বেগের কথা এনডিটিভিকে জানিয়েছেন অভিনেত্রী।
দুই ছেলে তৈমুর আরী খান ও জেহ আলী খানের বিষয়ে সাইফের তুলনায় কারিনা একটু বেশি কড়া। সন্তানদের সঙ্গে খেলাধুলো, মজা করার দিকে সাইফের ঝোঁক বেশি।
তৈমুর ও জেহর হাতে কি মোবাইল ফোন বা ল্যাপটপ থাকে? এ প্রশ্নের উত্তরে কারিনা বলেন, “ওদের ফোন ব্যবহারের অনুমতিই নেই। তৈমুরের দেখাশোনা করেন যিনি, তার ফোনটাকেই তৈমুর নিজের ফোন বলে দাবি করে। আমি ওকে বলেছি, এটা তোমার ফোন নয়। বন্ধুদের কাছেও ওই ফোনটিকে নিজের বলতে পারবে কি না, তা-ও আমাকে জিজ্ঞাসা করেছিল। আমি না করে দিয়েছি।”
সন্তানদের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে কারিনা উদ্বিগ্ন।
এই নিয়ে তিনি বলেন, “এই পুরো বিষয়টা নিয়ে আমি একটু বেশি চিন্তিত থাকি। তৈমুরই আমাকে বলে, ‘তুমি আর আব্বাও তো ফোনে কথা বলো।’ ওরা যখন সারাদিন গেইম খেলে, তখন ওদের হাত থেকে ফোন কেড়ে নিতে হয়।”
সন্তানদের নিয়ে করিনার এই কড়াকড়ি নিয়ে সাইফের সঙ্গে মতের অমিল হয়।
কারিনা বলেন, “সাইফ মনে করে আমি বেশি চিন্তা করি, আমার একটু শান্ত হওয়া দরকার। কিন্তু আমি ওকে বলি, এই বিষয়টায় আমাকে একটু বেশি সতর্ক থাকতেই হবে। সম্ভবত এটাই একমাত্র বিষয়, যা নিয়ে আমাদের মধ্যে তর্ক হয়।”
ছেলেদের শৈশব যত দীর্ঘ হবে, ততই ভালো বলে মনে করেন কারিনা।
কারিনার কথায়, “আমি চাই যত দিন সম্ভব ওরা ছোট থাকুক। চিরকাল ছোট থাকুক, সেটাই চাই।”
কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক প্রভাব নিয়েও চিন্তিত কারিনা।
অভিনেত্রী বলেন, “সময় ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। কিন্তু সেটা যেন বিপজ্জনক পর্যায়ে না পৌঁছায়। যদি তেমন হয়, তা হলে আমাদের অন্য কোনও পথ খুঁজে বের করতে হবে। আমার সন্তানরা এখন খুবই ছোট। তাই এআইয়ের ব্যবহার নিয়ে আমি খুবই চিন্তিত।
“ওদের বয়স ৯ আর ৫। কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু কিছু দিক আমাকে সত্যিই অস্বস্তিতে ফেলে। কিছু বিষয় নিষিদ্ধ করতে হবে, আবার কিছু ক্ষেত্রে এই প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।”
কারিনাকে আগামীতে দেখা যাবে ‘দায়রা’ সিনমায়। মেঘনা গুলজার পরিচালতি সিনেমাটি মুক্তি পাবে শুক্রবার। থ্রিলার ঘরনার এই সিনেমায় কারিনাকে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।