রবীন্দ্র স্মরণে 'নব আনন্দে জাগো'
বাংলা সাহিত্য, কাব্য, সুর, সংগীত, সংস্কৃতি, সভ্যতা ও ঐতিহ্যকে এক মঞ্চে উপস্থাপনের চেষ্টা থেকে এই আয়োজন।
রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও ঠাকুরবাড়ির নারীদের নানা চরিত্র নিয়ে গীতি, নৃত্য ও ফ্যাশন শোয়ের সমন্বয়ে এক ব্যতিক্রমী আয়োজনে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয়েছে রাজধানী ঢাকায়।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হয় 'নব আনন্দে জাগো' শিরোনামের এই অনুষ্ঠান।
গান, আবৃত্তি, গীতিনাট্য, নৃত্যনাট্য ও ফ্যাশন শোয়ের সমন্বয়ে সাজানো এই আয়োজনে একঝাঁক শিল্পী ও কলাকুশলী মঞ্চে তুলে আনেন রবীন্দ্র সাহিত্যের উল্লেখযোগ্য নারী চরিত্রগুলো।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ, ভারতীয় হাইকমিশন, বাংলাদেশ এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে আয়োজন।
আয়োজনে ফ্যাশন শোয়ের মাধ্যমে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীদের পোশাক, সাজসজ্জা, ব্যক্তিত্ব ও জীবনভাবনাও তুলে ধরা হয়।
আয়োজকদের ভাষ্য, এ ধরনের উপস্থাপনা ফ্যাশন শোয়ের জগতে নতুন এক সংযোজন। পাশাপাশি বাংলা সাহিত্য, কাব্য, সুর, সংগীত, সংস্কৃতি, সভ্যতা ও ঐতিহ্যকে এক মঞ্চে উপস্থাপনের চেষ্টা থেকে এই আয়োজন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাহিত্য, সংগীত, কাব্য, সমাজ, রাষ্ট্র, মানবতা ও বিশ্বশান্তিতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান তুলে ধরেন।
ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের সভাপতি মাহীন খান তার বক্তব্যে রবীন্দ্রনাথ, ঠাকুর পরিবার এবং ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীদের ঘিরে এই আয়োজনের ভাবনা ও প্রেক্ষাপট তুলে ধরেন।
স্বাগত বক্তব্য দেন ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের সাধারণ সম্পাদক শৈবাল সাহা।
এরপর একে একে ‘শেষের কবিতার’ লাবণ্য, ‘গোরা’র সুচরিতা, ‘নষ্টনীড়’র চারুলতা, ‘ঘরে-বাইরে’র বিমলা, নৃত্যনাট্যের চিত্রাঙ্গদা, চণ্ডালিকা ও শ্যামাসহ বিভিন্ন চরিত্র নতুনভাবে ধরা দেয় দর্শকের সামনে।
একইসঙ্গে ঠাকুরবাড়ির নারীদের মধ্যেও কাদম্বরী দেবী, জ্ঞানদানন্দিনী, স্বর্ণকুমারী, সরলা, ইন্দিরা দেবী, মৃণালিণী দেবী, মাধুরীলতা, রেণুকা ও মীরাদেবীর চরিত্র রূপায়ণ করা হয় অনুষ্ঠানে।
লাবণ্য চরিত্রে অভিনয় করেন রিপা, বিমলা চরিত্রে ইলা, গিরিবালা চরিত্রে রুনি, মৃণালিণী চরিত্রে সাদিয়া, চারুলতা চরিত্রে সানজিদা, সুচরিতা চরিত্রে রিফাত এবং নন্দিনী চরিত্রে বাবলি।
রবীন্দ্রগীতি ও নৃত্যনাট্যে শ্যামা চরিত্রে ছিলেন সাবা, চিত্রাঙ্গদা চরিত্রে অন্তরা এবং চণ্ডালিকা চরিত্রে সুস্মিতা। ভানুসিংহের পদাবলিতে নৃত্য পরিবেশন করেন সামিনা হুসেন প্রেমা।
আয়োজনে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী স্বপ্নিল সজীব, ফারহিন খান জয়ীতা, মহুয়া মঞ্জুরী ও সেমন্তী মঞ্জুরীসহ অনেকে।
অনুষ্ঠানে কাব্যপাঠ ও ধারাবিবরণীতে ছিলেন ত্রপা মজুমদার ও আশিকুল ইসলাম।
