Published : 11 Jul 2026, 01:29 PM
বিশ্বকাপের শেষ মুহুর্তের উন্মাদনাকে ঘিরে নির্মিত হয়েছে ‘ফুটবল হট্টগোল’ শিরোনামের একটি বিশেষ নাটক।
হাসির গল্প দিয়ে দুই দলের চিরচেনা প্রতিযোগিতা থেকে বের হয়ে ভিন্ন কিছু দেখানোর প্রয়াস থেকেই নাটকটি নির্মাণ করেছেন পরিচালক দীপু হাজরা।
নাটকটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। প্ল্যাটফর্মটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার থেকে দেখা যাবে নাটকটি।
নাটকে ফুটবল খেলাকে কেন্দ্র করে গড়ে ওঠা জুয়া ও আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এর কেন্দ্রীয় চরিত্র আয়ান চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মাওলা।
গল্পে দেখা যাবে, পড়াশোনা শেষ করেও চাকরি হচ্ছে না আয়ানের। তবে ফুটবল খেলা নিয়ে তার তুমুল আগ্রহ। ম্যাচের আগে সে যে ধারণা বা ভবিষ্যদ্বাণী করে, সেটা হুবহু মিলে যায়। নিজের এই অদ্ভুত প্রতিভাকে কাজে লাগাতে সে ‘অক্টোপাস ভাই’ নামে একটি ফেইসবুক পেইজ খোলে।

একপর্যায়ে তার ভবিষ্যদ্বাণী বিশ্বাস করে সাধারণ মানুষ বড় অঙ্কের জুয়া খেলতে শুরু করে। এরপর ঘটনাক্রমে নিখোঁজ হয় আয়ান, ঘটতে থাকে নানা রহস্যময় ঘটনা।
নাটকে শ্যামল মাওলার বিপরীতে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম। তাকে দেখা যাবে একজন নবীন ক্রীড়া সাংবাদিকের চরিত্রে। কাজের সূত্রে সে সন্ধান পায় অক্টোপাস ভাই পেইজের। আয়ানকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করার পর রাতারাতি নামডাক হয় তার, দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পরে আয়ান নিখোঁজ হওয়ার পর তাকে খোঁজার মূল মিশনে নামে এই নারী সাংবাদিক।
নাটকটি নিয়ে নির্মাতা দীপু বলেন, "বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তৈরি নাটকে সাধারণত কমেডির আধিক্য বেশি দেখা যায়। তবে আর্জেন্টিনা-ব্রাজিলের উন্মাদনার বাইরেও ফুটবল খেলাকে কেন্দ্র করে সমাজে অনেক কিছু ঘটে।

“জুয়াসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড এর মধ্যে অন্যতম। আমরা সেই চেনা বৃত্তের বাইরে গিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। অভিনয়শিল্পীরা পর্দায় গল্পটি ফুটিয়ে তুলতে সর্বোচ্চ পরিশ্রম করেছেন।"
ফুটবল হট্টগোল নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ডলি জহুর, আজম খান, মাহমুদুল ইসলাম মিঠু, জয়নাল জ্যাকসহ অনেকে।