২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা চট্টগ্রামে

ঈদেই স্টার সিনেপ্লেক্সের এই শাখার যাত্রা শুরু হতে যাচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 10:41 AM

Updated : 26 Aug 2026, 03:12 PM

চট্টগ্রামের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য ফের সুখবর দিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। 

নগরীর দুই নম্বর গেইট এলাকার ফিনলে স্কয়ারের ষষ্ঠ তলায় বর্তমানে যে সিনেমা হলটি রয়েছে সেটি স্টার সিনেপ্লেক্সে রূপান্তরিত হতে যাচ্ছে বলে জানিয়েছে বিজ্ঞপ্তিতে। 

৭২ ও ১৬ আসনের দুটি হল সম্বলিত এই মাল্টিপ্লেক্সটি অধিগ্রহণ করেছে স্টার সিনেপ্লেক্স। এখন থেকে এটি স্টার সিনেপ্লেক্সের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এবারের ঈদেই স্টার সিনেপ্লেক্স হিসেবে এর যাত্রা শুরু হতে যাচ্ছে।

এটি হবে চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের দ্বিতীয় শাখা। এর আগে ২০২২ সালে চট্টগ্রামের চকবাজারের বালি আর্কেড শপিং কমপ্লেক্সে চালু হয় স্টার সিনেপ্লেক্স, যা চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। 

এবার নতুন আরেকটি স্টার সিনেপ্লেক্স দর্শকদের সিনেমা দেখার সুযোগকে আরও বিস্তৃত করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ঈদের দিন থেকেই নারায়ণগঞ্জের জালকুঁড়িতে সীমান্ত টাওয়ারে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। 

ঢাকায় বসুন্ধরা সিটি শপিং মল, ধানমন্ডির সীমান্ত সম্ভার (সাবেক রাইফেলস স্কয়ার), মহাখালীর এসকেএস টাওয়ার, বিজয় সরণির সামরিক জাদুঘর, উত্তরার সেন্টার পয়েন্ট এবং মিরপুর ১ নম্বরে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। ঢাকার আরো কয়েকটি এলাকায় শাখা চালু করার পরিকল্পনা রয়েছে। 

এছাড়া, বগুড়াসহ দেশের বিভিন্ন শহরে শাখা নির্মাণের কাজ চলছে।

এই বছরের মধ্যে আরও কিছু শাখা চালুর প্রস্তুতিও চলছে। প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ধীরে ধিরে জেলা ও উপজেলা পর্যায়েও স্টার সিনেপ্লেক্সকে নিয়ে যাওয়ার পরিকল্পনা তাদের রয়েছে।