Published : 06 Jul 2026, 01:15 PM
যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পপ তারকা টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলসির বিয়ের অনুষ্ঠানটি ঘিরে অবিশ্বাস্য পর্যায়ের গোপনীয়তা বজায় রাখা হয়। তাই আয়োজনে কোন পর্বে কী ঘটেছিল, তার বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি।
তবে সুইফটের প্রতিনিধির দেওয়া তথ্যের বাইরে, বিয়ের আয়োজন নিয়ে আরও কিছু বিষয় সামনে এনেছে বিবিসি।
বিয়ের অনুষ্ঠানটি অনেকেই ‘শতাব্দীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন’ বলেও আখ্যা দেন। অনুষ্ঠান উপলক্ষে ম্যানহাটানের অন্যতম ব্যস্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়।

অতিথিদের এক ঝলক দেখার এবং দম্পতিকে শুভেচ্ছা জানানোর আশায় সারাদিন ধরে স্টেডিয়ামের বাইরে নানা বয়সের ভক্তদের ভিড় জমে। কেউ টেইলর সুইফটের গান গেয়েছেন, কেউ তার কনসার্টের স্মারক পোশাক পরে এসেছিলেন।
মার্কিন টিভি অনুষ্ঠান 'গুড মর্নিং আমেরিকা’র উপস্থাপকরা, যারা সেখানে উপস্থিত ছিলেন, তারা নিশ্চিত করেছেন যে ফ্লিটউড ম্যাক ব্যান্ডের স্টিভি নিক্স বিয়েতে সঙ্গীত পরিবেশন করেন।
সহ-উপস্থাপক জর্জ স্টেফানোপোলোস বলে, "ম্যাডিসন স্কয়ার গার্ডেন হওয়া সত্ত্বেও অনুষ্ঠানটি যতটা সম্ভব আন্তরিক পরিবেশে হয়েছে।"

তিনি ওই জায়গাটিকে ‘বাগানের ভেতরে আরেকটি বাগান’ হিসেবে বর্ণনা করে আরও বলেন, “আয়োজন ছিল খুবই সুন্দর। জায়গাটি ধারণার চেয়েও বড়। এছাড়া তারকাখচিত কোনো বিয়ের আয়োজন যে এতটা আন্তরিক ও সাবলীল হতে পারে সেটিও ভাবা যায় না।”
আরেক সহ-উপস্থাপক রবিন রবার্টস বলেন, অতিথিদের মধ্যে সুইফট ও কেলসির প্রতিবেশী ও হাইস্কুলের বন্ধুরাও ছিলেন।
"আয়োজন বিলাসবহুল, কিন্তু কাছের মানুষদের উপস্থিতিতে আর পাঁচটা সাধারণ বিয়ের অনুষ্ঠানের মতই হয়ে দাঁড়ায়।"
তিনি আরও বলেন, এই দম্পতি তাদের নিজেদের শপথপত্র নিয়ে এসেছিলেন।

এএমসি থিয়েটার্সের সিইও অ্যাডাম অ্যারন এক্স পোস্টে লিখেছেন যে, "ম্যাডিসন স্কয়ার গার্ডেনকে একটি সবুজ শ্যামল গ্রামীণ অবকাশ কেন্দ্রের মত রূপ দেওয়া হয়েছিল। বিয়ের সময় কেলসি একটি সাদা টাক্সেডো এবং সুইফট লম্বা ঘোমটাযুক্ত চোখধাঁধানো সাদা বিয়ের পোশাক পরে আসেন।”
পরে এই পোস্টটি মুছে মেন অ্যারন।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আরেকজন অতিথি বলেন, “রাতটি ছিল ‘অবিশ্বাস্য’। তারা (সুইফট ও কেলসি) কাঁদল, হাসল, নাচল, একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করল।”
সে সময় সুইফটের গাওয়া একটি গান বাজানো হয়, তবে সেটি কোন গান, সে তথ্য জানা যায়নি। এছাড়া অনুষ্ঠানস্থলের সাজসজ্জাকে ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ও দ্য উইজার্ড অব অজ’ এর মিশ্রণ হিসেবেও বর্ণনা করেছেন কেউ কেউ।

অনুষ্ঠানস্থল হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনকে বেছে নেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। তবে সঙ্গীত ও ক্রীড়া জগতের মিলনস্থল হিসেবে এটি একটি আইকনিক স্থান। এছাড়া পাপারাজ্জি বা ড্রোনের সাহায্যে ভেতরের ছবি তোলা সম্ভব হয় না বলেও এই জায়গাকে বিয়ের অনুষ্ঠানস্থল হিসেবে বেছে নেওয়া হয় বলেও কেউ কেউ যুক্তি দেন।
অনুষ্ঠান দুইদিনব্যাপী-বৃহস্পতিবার ও শুক্রবার। প্রথমদিন অতিথি ছিলেন ১০০ জন, কিছুটা ঘরোয়া আয়োজনে। অর্থাৎ যাদের সুইফট ও কেলসি ভাবেন ঘনিষ্ঠজন, তারাই ছিলেন ওই অনুষ্ঠানে। আর শুক্রবার সেই সংখ্যা বেড়ে হাজারজনে দাঁড়ায়।
সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন এক বিবৃতিতে শুক্রবার জানিয়েছেন, “টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।”
সুইফটের জনসংযোগ কর্মকর্তা আরও বলেছেন অনুষ্ঠানে বর ও কনে দুজনেই বিয়ের বিশেষ পোশাক পরেছিলেন।

আনুষ্ঠানিকতার পর ম্যাডিসন স্কয়ার গার্ডেনে টেইলর ও ক্যালিসের নামের আদ্যাক্ষরসহ বিয়ের খবর দিয়ে একটি সাইনবোর্ড তুলতে দেখা যায়।
তাতে লেখা ছিল, ‘জাস্টঅ্যান্ডটি, ম্যারিড’। সাইনবোর্ড থেকে উল্লাসে ফেটে পড়েন তাদের ভক্তরা।
এর পরপর ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সামনের সেভেন্থ অ্যাভিনিউ ফের খুলে দেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
সুইফটের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন জানিয়েছেন, বিয়েতে বর-কনের কোনো ব্রাইডমেড বা গ্রুমসমেন ছিলেন না। ব্রাইডমেড ও গ্রুমসমেন হল পশ্চিমা বিয়ের সংস্কৃতিতে বর ও কনের ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে গড়ে ওঠা একটি দল। কনের কাছের বান্ধবীরা ব্রাইডসমেইড এবং বরের কাছের বন্ধুরা গ্রুমসম্যান হিসেবে বিয়ের দিন তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সারতে ও আনন্দ-আয়োজনে মূল ভূমিকা পালন করেন।
ট্রি পেইন বলেন, সুইফটের ভাই অস্টিন সুইফট তার ‘ম্যান অফ অনার’ এবং কেলসির ভাই জেসন তার ‘বেস্ট ম্যান’ হিসেবে দায়িত্ব পালন করেন।

বিয়ের ঘোষণার বিবৃতিতে আরও বলা হয়েছে, "এই অনুষ্ঠানের মাধ্যমে দুই পরিবার একত্রিত হয়েছে এবং বন্ধু কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার অনুষ্ঠানটি পরিচালনা করেন।"
বর-কনের বিয়ের পোশাক তৈরি করেছে ক্রিশ্চিয়ান ডিওর অট কুচুর। ডিওর উইমেন, মেন ও অট কুচুর কালেকশনের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন বর-কনের সঙ্গে বসে আলোচনা করে এই পোশাকগুলোর নকশা করেছেন।
বিশ্বখ্যাত কোনো তারকার জন্য এটাই এই ডিজাইনারের প্রথম কুচুর ওয়েডিং ড্রেস। এই জুটির জুতো জোড়া বিশেষভাবে তৈরি করেছে ক্রিশ্চিয়ান লুবোটিন এবং কনে পরেছিলেন কারটিয়ের গয়না।’

অনুষ্ঠানের আগেই গায়ক বেনসন বুন থেকে শুরু করে অভিনেতা হিউ গ্রান্ট ও ইথান হকের মত তারকা অতিথিদের আসতে দেখা যায় ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন গিগি হাদিদ ও ব্র্যাডলি কুপার, ডাকোটা জনসন, মারিস্কা হারগিটে ও পিটার হারম্যান, এড শিরান ও চেরি সিবর্ন, হাইম বোনেরা, এলি গোল্ডিং, বেনসন বুন, মারেন মরিস, কেলসি ব্যালেরিনি, মিরান্ডা ল্যাম্বার্ট, দ্য চিকস, ব্র্যাড পেসলি ও কিম্বার্লি উইলিয়ামস-পেসলি, হিউ গ্র্যান্ট, কার্লি ক্লস ও জোশুয়া কুশনার, জো ক্রাভিটজ, জেসন সুডেইকিস, ইথান হক, জিমি ফ্যালন এবং টমি হিলফিগার।
সুইফট-কেলসি নাকি আগেই বিয়ে সেরেছেন
সুইফট-কেলসির 'রাজকীয় বিয়ের' উদযাপন, নিরাপত্তায় 'বাড়াবাড়ির' অভিযোগ