Published : 03 Jul 2026, 09:37 PM
যুক্তরাষ্ট্রের পপসংগীতের তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলসির বিয়ের অনুষ্ঠান যেহেতু ‘রাজকীয়’ সমারোহে হচ্ছে, তাই অতিথিদের সাজপোশাকে গুরুত্ব্ দেওয়া হবে তা বলাই বাহুল্য।
অনুষ্ঠান দুইদিনব্যাপী-বৃহস্পতিবার ও শুক্রবার। প্রথমদিন অতিথি ছিলেন ১০০ জন, কিছুটা ঘরোয়া আয়োজনে। অর্থাৎ যাদের সুইফট ও কেলসি ভাবেন ঘনিষ্ঠজন, তারাই ছিলেন ওই অনুষ্ঠানে। আর শুক্রবার সেই সংখ্যা বেড়ে হাজারজনে দাঁড়ায়, এমন তথ্যই দিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যমে এসেছে, বিয়ের আয়োজনে পোশাকের থিম ধরা হয়েছে ‘খামখেয়ালি’; তবে এর বিশদ ব্যাখ্যা আসেনি কোথাও।
ফ্যাশন সম্পাদক সাভানা ব্র্যাডলি বিবিসিকে বলেছেন, কিছু সম্ভাব্য অতিথি, যাদের কয়েকজনকে এই সপ্তাহে নিউইয়র্কে দেখা গিয়েছিল, তারা হয়তো সুইফটের পছন্দের কথা মাথায় রেখে নিজেদের পোশাক বেছে নেবেন। সেই পোশাক হয়ত রংয়ের দিক থেকে হবে কোমল, একই সঙ্গে ক্লাসিক, ঐতিহ্যবাহী ও পরিচ্ছন্ন শৈলীর।
তিনি বলেন, “আমার ধারণা সবকিছু খুব পরিপাটি, নিখুঁত হবে, আবারও বলছি, রোমান্টিক শব্দটাই এখানে মূল কথা।”
সুইফটের তারকা বন্ধু মহলের মধ্যে যারা অতিথি, যেমন সেলেনা গোমেজ, সুকি ওয়াটারহাউস, হাইম সিস্টার্স, কারা ডেলেভিন, জ্যাক অ্যান্টনফ, সাবরিনা কার্পেন্টার-তাদের সাজ পোশাকে নিজস্ব রুচির প্রতিফলন দেখা যাবে বলে মন্তব্য করেন সাভানা ব্র্যাডলি।
বিনোদন সাংবাদিক নোলা ওজোমু কার্পেন্টার ‘স্বতন্ত্র পুরোনো হলিউড গ্ল্যামার স্টাইল’ এর কথা তুরে ধরেছেন। তিনি বলেন, হলিউডি ফ্যাশনই হয়ত অতিথিরা পছন্দের সাজ হিসেবে বেছে নেবেন।
কিছু প্রতিবেদনে ব্ল্যাক টাই ড্রেস কোডের কথা বলা হয়েছে, যেখানে পুরুষদের জন্য টপ হ্যাট এবং মহিলাদের জন্য ইভনিং গ্লাভসের কথা বলা হয়েছে।
ওজোমুর কথায়, অতিথিরা 'উজ্জ্বল রঙের ও ঢিলেঢালা পোশাক' পরবেন, যা নিউ ইয়র্কের গ্রীষ্মকালীন বিয়েতে জনপ্রিয়।
সম্প্রতি হালকা লেসের কাপড়ের পাশাপাশি স্টাইলিশ বহু-মুখী নেক স্কার্ফের পোশাকও আবার ফ্যাশনে ফিরে এসেছে।
শোনা যাচ্ছে অনুষ্ঠানটির সরাসরি প্রচারে এবং অনুষ্ঠাস্থলে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা এনেছে আয়োজক কর্তৃপক্ষ। সে জন্য অতিথিরা কে কী পরছেন তার কোনো ঝলক আদৌ দেখা যাবে কী না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জমকালো এই আয়োজনকে বিবিসি, সিএনএনসহ একাধিক সংবাদমাধ্যমে ‘রাজকীয় বিয়ে’ হিসেবে বর্ণনা করেছে। শতাব্দীর সেরা আয়োজনের বিয়ে হিসেবেও তুলে ধরা হয়েছে কোনো কোনো সংবাদমাধ্যমে।
বিবিসি লিখেছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আয়োজনে অভিনেত্রী লিনা ডানহাম থেকে শুরু করে নিয়মিত সহযোগী জ্যাক অ্যান্টনফ পর্যন্ত, সুইফট-কেলসির বেশ কয়েকজন প্রভাবশালী বন্ধুকে ওইদিন সন্ধ্যায় আনুষ্ঠানিক পোশাকে দেখা গেছে।
তারকাখচিত অতিথি তালিকায় আরও দেখা গেছে বিবিসির উপস্থাপক গ্রাহাম নর্টন, সুইফটের মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন তিনি। এসেছেন গায়িকা দুয়া লিপা, গায়িকা সাবরিনা কার্পেন্টার, গায়িকা ক্যামিলা ক্যাবেলো, আভিনেত্রী আনিয়া টেলর-জয়, অভিনেত্রী ফোবি ওয়রলার-ব্রিজ, গায়ক এড শিরান। নাম এসেছে এমা স্টোন, জিজি হাদিদের
আকাশ থেকে তোলা ছবি ও ভিডিওতে দেখা গেছে, সারি সারি কালো কাচে ঢাকা এসইউভি অনুষ্ঠানস্থলে এসে থামছে এবং অতিথিদের একটি সাদা শামিয়ানার নিচে নামিয়ে দিচ্ছে।
এছাড়া সুইফটের ঘনিষ্ঠ শিল্পী স্টিভ নিকস ও টিম ম্যাকগ্রো বিয়ের অনুষ্ঠানে গান পরিবেশন করতে পারেন। পাশাপাশি এড শিরান ও পল ম্যাকার্টনির নামও সম্ভাব্য পারফর্মার হিসেবে আলোচনায় এসেছে। তবে এসব তথ্য নিশ্চিত করা হয়নি।
খবর উড়েছিল বিয়েতে বিশেষ অতিথি হয়ে আসবেন যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিন। তবে সেটি গুজব বলে নিশ্চিত করেছে বিবিসি।
প্রচণ্ড গরমের কারণে শহরে জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এই বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি রসিকতা করে বলেন, “যদি সত্যিই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কারও বিয়ে হয়ে থাকে, তাহলে অন্তত তারা ঘরের ভেতরেই থাকবে এবং গরম থেকে নিরাপদ থাকবে।”
মজা করে মেয়র আরও বলেন, “শহরের মানুষের জন্য এটাও ভালো উদাহরণ।”
গরমের কথা মাথায় রেখে অতিথিরা পোশাক বিবেচনা করবেন, এ কথাও বলছেন ফ্যাশন ডিজাইনাররা।
তবে বৃহস্পতিবার থেকেই ম্যাডিসন স্কয়ারের ভেতরে প্রাণের স্পন্দনের আভাস মিলেছে বাইরে থেকেই।
অনুষ্ঠানস্থলের বাইরে সারি সারি লরি দেখা গেছে। টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে বিপুল পরিমাণ গাছপালা, ‘গার্ডেন পার্টি’ লেখা বাক্স এবং লবস্টারের মাংসভর্তি কনটেইনার। ২০ হাজার আসনের অ্যারেনটির আয়োজনের প্রস্তুতি দেখা যাচ্ছে বিভিন্নভাবে।
বো টাই ও ক্রিম রঙা ডিনার জ্যাকেট পরা কর্মীদের জিনিসপত্র ভর্তি গাড়ি টেনে ভেতরে ঢুকতে দেখা গেছে।
শুক্রবার অনুষ্ঠানস্থলের একটি প্রবেশপথে লাগানো সাইনবোর্ডে জানানো হয়েছিল যে, ২৯ জুন থেকে শুক্রবার পর্যন্ত 'একটি অনুষ্ঠানের' জন্য প্রবেশকারী যে কেউ ছবি তুলতে পারবেন।
একই সঙ্গে অতিথিদের কঠোর গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে ওই সাইনবোর্ডে। আরও বলা হয়েছে আয়োজক বা উপস্থিত ব্যক্তিদের বিষয়ে প্রকাশ্যে কোনো আলোচনা করা যাবে না। গোপনীয়তা রক্ষায় হাজার অতিথি, আয়োজক কর্তৃপক্ষের সদস্যদের গোপনীয়তা চুক্তিপত্রে সই পর্যন্ত করতে হয়েছে।
যা নিয়ে সমালোচনাও হয়েছে বলে জানিয়েছে সিএনএন। ওই চুক্তিপত্র বৃহস্পতি ও শুক্রবার আমন্ত্রিতের হাতে দুইদিন সময় ফাঁকা রাখতে বলা হয়। আরও বলা হয়, বিয়ের অনুষ্ঠান সংক্রান্ত পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে। এতে অতিথিদের মধ্যে কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন।
তাদের ভাষ্য, গোপনীয়তা ‘বাড়াবাড়ি’ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া আমন্ত্রিতদের হয়ত ‘বিশ্বাস করতেও পারছে না’।
এছাড়া ম্যাডিসন স্কয়ারের সাজসজ্জার ছবি তোলার দায়ে এক কর্মীকেও বরখাস্তও করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পপসংগীতের তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার তারকা ট্রাভিস কেলসি নাকি বিয়ে আগেই গোপনে সেরে নিয়েছেন।
নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জমকালো উদযাপনের প্রস্তুতির মধ্যেই নিউইয়র্ক পোস্টের পেইজ সিক্স এই তথ্য জানিয়েছে।
এই সংবাদমাধ্যমটি বলছে, ৩৬ বছর বয়সী এই তারকা জুটি ইতিমধ্যেই খুব সীমিত পরিসরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন।
গেল বছরের ২৬ অগাস্টে বাগদান সারেন টেইলর ও কেলসি। ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মত প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় দুজনকে।
সুইফট কানসাস সিটি চিফসের খেলায় উপস্থিত ছিলেন। তিনি বসেছিলেন কেলসির ডোনা কেলসির পাশে।
খেলায় ট্রাভিস টাচডাউন করার পর সুইফটের উচ্ছ্বাস ক্যামেরায় ধরা পড়ে। ম্যাচ শেষে দুজনকে একসঙ্গে স্টেডিয়াম ছাড়তেও দেখা যায়। তখন থেকেই মূলত আলোচনায় চলে আসেন দুজন।
আর পড়ুন-
সুইফট-কেলসি নাকি আগেই বিয়ে সেরেছেন
সুইফট-কেলসির 'রাজকীয় বিয়ের' উদযাপন, নিরাপত্তায় 'বাড়াবাড়ির' অভিযোগ