Published : 03 Jul 2026, 08:45 PM
যুক্তরাষ্ট্রের পপসংগীতের তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার তারকা ট্রাভিস কেলসির বহুল আলোচিত বিয়ের উদযাপন শুরু হয়েছে।
নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জমকালো এই আয়োজনকে বিবিসি, সিএনএনসহ একাধিক সংবাদমাধ্যমে ‘রাজকীয় বিয়ে’ হিসেবে বর্ণনা করেছে। শতাব্দীর সেরা আয়োজনের বিয়ে হিসেবেও তুলে ধরা হয়েছে কোনো কোনো সংবাদমাধ্যমে।
বিবিসি লিখেছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আয়োজনে অভিনেত্রী লিনা ডানহাম থেকে শুরু করে নিয়মিত সহযোগী জ্যাক অ্যান্টনফ পর্যন্ত, সুইফট-কেলনির বেশ কয়েকজন প্রভাবশালী বন্ধুকে ওইদিন সন্ধ্যায় আনুষ্ঠানিক পোশাকে দেখা গেছে।
আকাশ থেকে তোলা ছবি ও ভিডিওতে দেখা গেছে, সারি সারি কালো কাচে ঢাকা এসইউভি অনুষ্ঠানস্থলে এসে থামছে এবং অতিথিদের একটি সাদা শামিয়ানার নিচে নামিয়ে দিচ্ছে।
তারকাখচিত অতিথি তালিকায় টেইলরের ঘনিষ্ঠ বন্ধু সেলেনা গোমেজ, এড শিরান, এমা স্টোন, জিজি হাদিদের নাম এসেছে। এদিকে আইরিশ টেলিভিশন উপস্থাপক গ্রাহাম নর্টনকেও নিউইয়র্কের বিমানবন্দরে পৌঁছাতে দেখা যায়। সুইফটের মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন তিনি।
১০০ অতিথিকে নিয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার আরও বড় পরিসরে প্রায় এক হাজার অতিথিকে নিয়ে হবে মূল উদ্যাপনের আয়োজন রয়েছে।
শুক্রবার অনুষ্ঠানস্থলের একটি প্রবেশপথে লাগানো সাইনবোর্ডে জানানো হয়েছিল যে, ২৯ জুন থেকে শুক্রবার পর্যন্ত 'একটি অনুষ্ঠানের' জন্য প্রবেশকারী যে কেউ ছবি তুলতে পারবেন।
একই সঙ্গে অতিথিদের কঠোর গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে ওই সাইনবোর্ডে। আরও বলা হয়েছে আয়োজক বা উপস্থিত ব্যক্তিদের বিষয়ে প্রকাশ্যে কোনো আলোচনা করা যাবে না।

গোপনীয়তা রক্ষায় হাজার অতিথি, আয়োজক কর্তৃপক্ষের সদস্যদের গোপনীয়তা চুক্তিপত্রে সই পর্যন্ত করতে হয়েছে।
যা নিয়ে সমালোচনাও হয়েছে বলে জানিয়েছে সিএনএন। ওই চুক্তিপত্র বৃহস্পতি ও শুক্রবার আমন্ত্রিতের হাতে দুইদিন সময় ফাঁকা রাখতে বলা হয়। আরও বলা হয়, বিয়ের অনুষ্ঠান সংক্রান্ত পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে। এতে অতিথিদের মধ্যে কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন।
তাদের ভাষ্য, গোপনীয়তা ‘বাড়াবাড়ি’ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া আমন্ত্রিতদের হয়ত ‘বিশ্বাস করতেও পারছে না’।
এছাড়া ম্যাডিসন স্কয়ারের সাজসজ্জার ছবি তোলার দায়ে এক কর্মীকেও বরখাস্তও করা হয়েছে।
কারো কারো বক্তব্য সুইফটের মত তারকার বিয়েতে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থাই স্বাভাবিক। এ ধরনের আয়োজনের যোগ্যতা তিনি ‘অর্জন’ করেছেন বলে ভাষ্য তার ভক্তদের।
অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বৃহস্পতিবার থেকে শনিবার দুপুর পর্যন্ত ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের সড়ক বন্ধ রাখার অনুমতি নিয়েছে।
পুলিশ বৃহস্পতিবার অনুষ্ঠানস্থলের চারপাশে ব্যারিকেড বসিয়ে রাস্তা ও পথচারী চলাচলের পথ বন্ধ করে দেয়।
অনুষ্ঠানস্থলের চারপাশে সড়ক বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা ও পর্যটকরা কিছুটা অসুবিধায় পড়েছেন। তবে টেইলর সুইফটের ভক্তদের কাছে সেটি বড় কোনো বিষয় হয়ে দাঁড়াচ্ছে না।
এক ভক্তের মন্তব্য “টেইলর কখনোই কারও জন্য অসুবিধার কারণ হতে পারেন না। তিনি যা খুশি করতে পারেন।”
টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে বিপুল পরিমাণ গাছপালা, ‘গার্ডেন পার্টি’ লেখা বাক্স এবং লবস্টারের মাংসভর্তি কনটেইনার।
এদিকে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের প্রকাশিত সূচিতে ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত কোনো অনুষ্ঠান নেই। গ্রীষ্মকালজুড়ে প্রায় প্রতিদিনই যেখানে কনসার্ট বা অন্য আয়োজন থাকে। তাই সেখানে টানা ছয় দিনের এই বিরতি ‘অনেকের কাছেই অস্বাভাবিক মনে হয়েছে’।
সুইফট ভক্তদের আনাগোনার পাশাপাশি ভিড় জমিয়েছেন বিপুলসংখ্যক সংবাদকর্মীও। অথচ কিছুদিন আগেও এই গোপন আয়োজন সম্পর্কে গণমাধ্যমের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না।
যুক্তরাষ্ট্রের পপসংগীতের তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার তারকা ট্রাভিস কেলসি নাকি বিয়ে আগেই গোপনে সেরে নিয়েছেন।
নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জমকালো উদযাপনের প্রস্তুতির মধ্যেই নিউইয়র্ক পোস্টের পেইজ সিক্স এই তথ্য জানিয়েছে।
এই সংবাদমাধ্যমটি বলছে, ৩৬ বছর বয়সী এই তারকা জুটি ইতিমধ্যেই খুব সীমিত পরিসরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন।
গেল বছরের ২৬ অগাস্টে বাগদান সারেন টেইলর ও কেলসি। ২০২৩ সালের অক্টোবরে এই জুটির সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই তারা ছিলেন আলোচনায়।