Published : 03 Jul 2026, 07:28 PM
যুক্তরাষ্ট্রের পপসংগীতের তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার তারকা ট্রাভিস কেলসি নাকি বিয়ে আগেই গোপনে সেরে নিয়েছেন।
নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জমকালো উদযাপনের প্রস্তুতির মধ্যেই নিউইয়র্ক পোস্টের পেইজ সিক্স এই তথ্য জানিয়েছে।
এই সংবাদমাধ্যমটি বলছে, ৩৬ বছর বয়সী এই তারকা জুটি ইতিমধ্যেই খুব সীমিত পরিসরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন।
তবে কবে এবং কোথায় তাদের বিয়ে হয়েছে, সে বিষয়ে বলা হয়নি। প্রতিবেদনে কেবল বলা হয়েছে, সম্প্রতি সুইফটের ব্যক্তিগত বিমান কিছু সময়ের জন্য ন্যাশভিলে কিছু সময় অবস্থান করেছিল। ক্যারিয়ারের শুরুর দিকে এই শহরেই বাস করতেন এই পপ তারকা।
এ বিষয়ে সুইফটের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। এবং রয়টার্সও পেইজ সিক্সের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।
নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সুইফট এবং কেলসির বিয়ের উদযাপনের প্রথম দিন শেষ হয়েছে , কিন্তু শুক্রবারে আরও অনেক কিছু বাকি আছে বলে জানিয়েছে সিএনএন।
এই বিয়ের আয়োজনকে ‘রাজকীয় বিয়ে’ বর্ণনা করা হয়েছে। অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
সুইফটের প্রচার দল জানিয়েছে, বিয়ের আনন্দ ভাগ করে নিতে এই পপ তারকা ও কেলসি নিউ ইয়র্কসহ বিভিন্ন শহরের কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানে মোট ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন।
একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে প্রায় ১০০ অতিথিকে নিয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার আরও বড় পরিসরে প্রায় এক হাজার অতিথিকে নিয়ে হবে মূল উদ্যাপনের আয়োজন রয়েছে।
শুক্রবার অনুষ্ঠানস্থলের একটি প্রবেশপথে লাগানো সাইনবোর্ডে জানানো হয়েছিল যে, ২৯ জুন থেকে শুক্রবার পর্যন্ত 'একটি অনুষ্ঠানের' জন্য প্রবেশকারী যে কেউ ছবি তুলতে পারবেন।
শহরে সুইফট ভক্তদের আনাগোনার পাশাপাশি ভিড় জমিয়েছেন বিপুলসংখ্যক সংবাদকর্মীও। অথচ দুদিন আগেও এই গোপন আয়োজন সম্পর্কে গণমাধ্যমের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না।
গেল বছরের ২৬ অগাস্টে বাগদান সারেন টেইলর ও কেলসি। ২০২৩ সালের অক্টোবরে এই জুটির সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই তারা ছিলেন আলোচনায়।