হৃদয় খানের সুরে লিজা গাইলেন ‘নেই অধিকার’
লিজা জানিয়েছেন, ‘নেই অধিকার’ গানের কথায় উঠে এসেছে এক হারিয়ে যাওয়ার গান, যেখানে রয়েছে নীরব বেদনার গল্প।
সুরকার ও সংগীতশিল্পী হৃদয় খানের সুরে নতুন গান গাইলেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা।
গানের নাম ‘নেই অধিকার’; লিজার নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে শোনা যাচ্ছে গানটি।
র্যাপার তওফিক আহমেদের লেখা গানটির সংগীত আয়োজনও করেছেন হৃদয় খান। চন্দন রায় চৌধুরীর নির্দেশনায় গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কক্সবাজারে।
ভিডিওতে লিজার সঙ্গে মডেল হয়েছেন মোহতারাম বিল্লাহ।
লিজা জানিয়েছেন, ‘নেই অধিকার’ গানের কথায় উঠে এসেছে এক হারিয়ে যাওয়ার গান, যেখানে রয়েছে নীরব বেদনার গল্প।
গানটি নিয়ে গ্লিটজকে লিজা বলেন, "এই ধরনের গান নিয়ে এটি আমার প্রথম যাত্রা। এই গানটি আমার খুব পছন্দের। আমি যে ধরনের গান করি, সেখান থেকে বের হয়ে ভিন্ন কিছুর চেষ্টা করা হয়েছে। র্যাপার তওফিক আহমেদের লেখা গানের কথাগুলো মন ছুঁয়ে যাবে। সেই কথার ওপর দারুণ সুর বসিয়েছেন হৃদয় খান। আশা করি, 'নেই অধিকার' দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।"
ছোটদের গানের রিয়েলিটি শো 'আরটিভি লিটল স্টারের' বিচারকের দায়িত্ব পালন করছেন লিজা। পাশাপাশি গান নিয়ে ব্যস্ত সময় কাটছে এই শিল্পীর।
চলতি বছরের জুন মাসে এসেছে এই শিল্পীর 'ও প্রিয় ভালোবাসা নিও', এর আগে 'তুমি এলে', 'শেষ করো না', 'ও আমার স্নিগ্ধ শ্যামল মাটি' সহ বেশ কিছু গান প্রকাশ হয়েছিল।
