আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে বামবার ‘মুক্তি কনসার্ট’
এ কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘মুক্তি কনসার্ট’। কনসার্টটি হবে আগামী ৩১ আগস্ট।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের সহায়তার জন্য তহবিল সংগ্রহে কনসার্টের আয়োজন করেছে ব্যান্ড সংগীতের সংগঠন বামবা।
এ কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘মুক্তি কনসার্ট’। কনসার্টটি হবে আগামী ৩১ অগাস্ট।
বামবার সভাপতি হামিন আহমেদ গ্লিটজকে বলেন, "এই কনসার্ট শুধু বামবার উদ্যোগেই হচ্ছে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সংগঠন ‘বাংলাদেশ ভয়েজ’ থেকে আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে।
“আমরা বিভিন্ন সময় চ্যারিটির জন্য কনসার্ট করে থাকি। এই কনসার্টটিও সে রকম। ছাত্র আন্দোলনে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য সাহায্য প্রয়োজন। তাদের সাহায্যার্থেই আমাদের এই কনসার্ট।"
এ আয়োজনে কতগুলো ব্যান্ড দল অংশ নেবে জানতে চাইলে হামিন বলেন, "এখন পর্যন্ত তারিখটাই চূড়ান্ত হয়েছে। বিস্তারিত কিছু এখনই জানানো যাচ্ছে না। কনসার্টে অংশ নেওয়া ব্যান্ড এবং ভেন্যু চূড়ান্ত হলে শিগগিরই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা তা প্রকাশ করব।"
বর্তমানে বামবার সদস্য তালিকা বেশ দীর্ঘ। 'মাকসুদ ও ঢাকা', 'সোলস', 'মাইলস', 'ওয়ারফেজ', 'অর্থহীন', 'আর্টসেল', 'আর্বোভাইরাস', 'ক্রিপটিক ফেইট', 'ফিডব্যাক', 'দলছুট', 'ইনডালো', 'আর্ক', 'রেনেসাঁ', 'অবসকিওর', 'ব্ল্যাক', 'অ্যাভোয়েড রাফা', 'পাওয়ার সার্জ', 'পেন্টাগন', 'নাটাই', 'মরুভূমি', 'তীরন্দাজ', 'শহরতলী', 'পার্থিব', 'স্পন্দন', 'নেমেসিস', 'ভাইকিংস', অ্যাশেজসহ মোট ৫৪টি ব্যান্ড বর্তমানে বামবার সদস্য।
