২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো সুরে নতুন কথায় গানে গানে ভোটের প্রচার

‘আম্মাজান’, ‘লাগে উড়াধূরা’ থেকে শুরু করে বাংলা সিনেমার আরও বহু গানে কথা বসিয়ে ভোটের গান তৈরি হয়েছে।

পাভেল রহমান পাভেল রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 11:27 PM

Updated : 10 Sep 2026, 12:47 PM

মিরপুরের ৬০ফিট সড়কের বারেক মোল্লার মোড়ে একটি রিকশায় লাগানো মাইকে বেজে চলেছে গান ‘ভোট দিবেন কীসে ধানের শীষে’। পাশ দিয়েই যাচ্ছে একটি ছোট পিকআপ ভ্যান; আর তাতে বাজানো হচ্ছে- ‘দাঁড়িপাল্লায় দেবো রে ভোট/ দাঁড়িপাল্লায় দেবো’।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে ঘিরে তৈরি হয়েছে এমন বহু গান। ভোটারদের আকর্ষণ করতে এসব গানের মধ্যে রয়েছে প্রার্থীদের নানা রকম পরিচিতিও। আছে প্রতিশ্রুতির ফুলঝুরি। ঢাকার এলিফেন্ট রোড, ধানমন্ডি, হাতিরপুল, শাহবাগ, কারওয়ান বাজার, আগারগাঁও, মিরপুরের বিভিন্ন এলাকা, মহাখালী, খিলক্ষেতসহ আরো কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ভোটের গান প্রচারের অন্যতম একটি অনুষঙ্গ।

ভোটের গান তৈরিতে রাজধানীর মগবাজার, বনানী ও নিকেতনের রেকর্ডিং স্টুডিওগুলোতে পরিচালক শিল্পীদের দম ফেলার ফুরসত থাকেনি।

তবে ভোটের মৌসুমে কত গান তৈরি হয়েছে তার সুনির্দিষ্ট কোনো হিসাবও নেই। রেকর্ডিং স্টুডিও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, একজন প্রার্থীর জন্যই ২০ থেকে ৩০টা গানও তৈরি করা হয়েছে। এসব গান ও গানের ভিডিও চিত্র তৈরিতে দুই হাজার থেকে ৫০ টাজার টাকা করে খরচ গুণতে হচ্ছে।

তবে বেশিরভাগ ভোটের গান তৈরিতে সুরকারদের কাছে ধর্না দেওয়া হয়নি। ‘আম্মাজান’, ‘লাগে উড়াধূরা’ থেকে শুরু করে বাংলা সিনেমার আরও বহু গানে কথা বসিয়ে ভোটের গান তৈরি হয়েছে।

বিএনপির ‘থিম সং’ যেমন

‘ভোট দিবেন কীসে ধানের শীষে’ গানে আবহমান বাংলার সৌন্দর্য ও সম্প্রীতির পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ‘দেশ গড়ার ঘোষণা’ ভিজুয়ালি উপস্থাপন করা হয়েছে। এটি বিএনপির থিম সং। 

তারেক রহমানও গানটির ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। এছাড়া বিএনপির অফিসিয়াল ফেইসবুক পেইজ ও ইউটিউব প্ল্যাটফর্মেও গানটি শেয়ার করা হয়েছে।

আজগর হোসেন রাব্বির কথা ও সুরে গানটি গেয়েছেন আতিয়া আনিশা ও নিলয়। গানটিতে রক ফিউশনের সঙ্গে দেশাত্মবোধক সুরের মেলবন্ধন ঘটানো হয়েছে।

প্রয়াত কথা সাহিত্যিক ও নির্মাতা হ‌ুমায়ূন আহমেদ পরিচালিত ‘ওরে যায় বকপক্ষী’ নাটকের একটি সংলাপ থেকে অনুপ্রাণিত হয়ে এ গানটি লিখেছেন আজগর হোসেন রাব্বি।

এই রচয়িতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই নাটকে একটি সংলাপ আছে- ‘ভোট দিবা কীসে?’ ওই সংলাপটি থেকেই ধানের শীষের প্রচারণার জন্য গানটি লিখি।”

জুলাই অভ্যুথানের পর অনুষ্ঠিতব্য নির্বাচনে ‘প্রায় ১৭ বছর পর মানুষ ভোট দেবে বলে আশায় আছে’ মন্তব্য করে রাব্বি বলেন, “দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কাকে, কীসে, কোথায় ভোট দেব– এই অনিশ্চয়তা দূর করতেই গানটিতে সেই দ্বিধার সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে।”

অন্যান্য দলের গান

নির্বাচনের মাঠে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার প্রচারে বেশ কিছু গান ব্যবহার করা হচ্ছে। তবে জামায়াতে ইসলামী অফিশিয়ালি কোনো গান তৈরি করেনি বলে জানা গেছে। দলটির কর্মী-সমর্থকদের অনেকে নিজ উদ্যোগে ভোটের প্রচারোএ জন্য গান তৈরি করে প্রচার করছেন। এসব গানের মূল উপজীব্য হল ‘ন্যায়বিচার’। 

গানের কথায় প্রাধান্য পেয়েছে ‘দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার, নৈতিকতা ও মূল্যবোধের উন্মেষ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান’। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে ভিডিওগ্রাফি। দৃশ্যপটে ‘সবুজ বাংলাদেশ’-এর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং দলের সুশৃঙ্খল সমাবেশের ভিডিও ব্যবহার করা হয়েছে। গানের ছোট ছোট ক্লিপ টিকটক ও রিলসেও শেয়ার হচ্ছে।

জুলাই অভ্যুথানে নেতৃত্ব দেওয়া তরুণদের হাত ধরে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রচারেও নজর কাড়ছে গানে গানে ভোটের প্রচার। 

‘এনসিপিরে বরণ করো শাপলা কলির মালায়’ এবং ‘হ্যাঁ বলো’ গান দুটিতে জুলাই গণঅভ্যুত্থানের পর ‘নতুন বাংলাদেশ গড়ার’ প্রত্যায়ের কথা বলা হচ্ছে।

এনসিপির নির্বাচন পরিচালনা প্রচার উপকমিটির সদস্য জুবায়ের হোসাইন বলেন, “দুটি গান ভিন্ন হলেও একই রাজনৈতিক দর্শনের বহিঃপ্রকাশ। ‘শাপলা কলি’-কে শুধু প্রতীক নয়, জনগণের সার্বভৌম ক্ষমতার প্রকাশ হিসেবে তুলে ধরা হয়েছে। আর ‘হ্যাঁ বলো’ গানটি গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কার ও সুশাসনের পক্ষে জনগণের অঙ্গীকারকে প্রতিফলিত করে।”

পুরনো সুরে নতুন কথা

বিভিন্ন আসনের প্রার্থীদের কর্মী-সমর্থকেরা নিজ উদ্যোগেও প্রার্থীদের নামে নানা রকম গান তৈরি করে প্রচার করছেন। এসব ক্ষেত্রে জনপ্রিয় গানের সুর ও সংগীতায়োজনে কেবল কথা পরিবর্তন করে বেশিরভাগ গান তৈরি হচ্ছে। এসব গান তৈরি করতে স্টুডিও পাড়ায় নির্ঘুম রাত কাটাচ্ছেন নেপথ্যের কারিগর, পরিচালক ও শিল্পীরা। নির্বাচনি ডামাডোলে সবচেয়ে ব্যস্ত সময় পার করছে মগবাজার, বনানী ও নিকেতনের রেকর্ডিং স্টুডিওগুলো।

বাংলা সিনেমার জনপ্রিয় গান ‘আম্মাজান’, ‘লাগে উড়াধূরা’ থেকে  শুরু করে ‘মরার কোকিলে’, ‘বুক চিন চিন করছে’, ‘টিকাটুলীর মোড়ে একটা হল রয়েছে’র মত জনপ্রিয় গানের সুরে ভোটের গান বেশি শোনা যাচ্ছে।

শহরের বিভিন্ন জায়গায় প্রচার মাইকে বাজছে, ‘আইলো সংসদ নির্বাচন/শোনেন, সকল ভোটারগণ। সুরটা ‘বুক চিন চিন করছে’ গান থেকে নেওয়া; আলী আকরাম শুভর সুরে বাস্তব সিনেমায় মূল গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী।

আইয়ুব বাচ্চু, খালিদ হাসান মিলু, কনকচাঁপা, বেবী নাজনীন, মমতাজ, আসিফ, মিলা, কনা, প্রীতম হাসানের মত শিল্পীদের কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া অনেক গানের সুরে নানা কথা বসিয়ে নির্বাচনি গান তৈরি করা হয়েছে।

গান তৈরিতে নানা প্যাকেজ

নির্বাচনকে ঘিরে ১০ থেকে ১৫টি গান তৈরি করেছে বগুড়ার প্রচার রেকর্ডিং স্টুডিও। তাদের ফেইসবুকে নির্বাচনি গান তৈরির নানা রকম বিজ্ঞাপনও রয়েছে। 

প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী শরিফুল ইসলামকে ফোন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সময়টাতে আমাদের চাপ থাকে বেশি। তবে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আরো বেশি ব্যস্ত থাকতে হয়। সে তুলনায় সংসদ নির্বাচনে চাপ কমই।”

কিভাবে এসব গান তৈরি করা হয় জানতে চাইলে তিনি বলেন, “নানা রকম প্যাকেজ আছে। স্লোগান রেকর্ড করি, অন্য গানের ট্র্যাকের সুরের মধ্যে নতুন কথা বসিয়ে গান তৈরি করা হয়। এখনও একটা গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত আছি।”

ঢাকার বনশ্রীতে মাইশা রেকর্ডিং স্টুডিওতে শব্দ প্রকৌশলী হিসেবে কাজ করেন মাহিদুর রহমান। 

তিনি বলেন, “অনেক জনপ্রিয় গানের ট্র্যাক আগেই তৈরি করা আছে। তৈরি ট্র্যাকে হলেও বেশি সময় লাগে না। এক ঘণ্টাতেই গান তৈরি করে দেওয়া যায়। আর নতুন গান, নতুন করে ট্র্যাক তৈরি করা লাগলে বেশি খরচ এবং সময়ও ৪ থেকে ৫ দিন লাগে। তবে আমরা যে কাজ করি, তার প্রায় সবই পুরনো গানের ট্র্যাকের মধ্যে নতুন কথা বসিয়ে দেওয়া হয়।”

খরচ কেমন হয় জানতে চাইলে তিনি বলেন, “এটা তো নির্ভর করে কেমন গান হবে। শুধু মাইকে ব্যবহারের জন্য হলে খরচ এক রকম। ইউটিউবে, সোশাল মিডিয়ায় প্রচারসহ নানা রকম প্যাকেজ আছে। মিউজিক ভিডিও তৈরি করি। ফলে টাকার ব্যাপারটি আলোচনা সাপেক্ষে নির্ধারিত হয়।”

শিল্পীদের বাইরে এআই দিয়ে তৈরি গানও ব্যবহার হচ্ছে নির্বাচনি প্রচারে। উত্তরার রায়হান রেকর্ডিং স্টুডিওতে প্রায় দুই শতাধিক গান তৈরি হয়েছে, যার মধ্যে ৩০টির মত গান ‘এআই দিয়ে তৈরি’ বলে স্টুডিওর সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই ভোটের মৌসুমে কত হাজার গান তৈরি হয়েছে, তার সুনির্দিষ্ট কোনো হিসাব নেই। তবে রেকর্ডিং স্টুডিও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, একজন প্রার্থীর জন্যই ২০/৩০টা গানও তৈরি করা হয়েছে। ২ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা খরচ করেও তৈরি হচ্ছে এসব গান এবং ভিডিওচিত্র।

কপিরাইট আইন কী বলে?

আইন বলছে, স্বত্বাধিকারীর (সুরকার, গীতিকার) অনুমতি ছাড়া কোনো গানের সুর নকল কিংবা কথা পরিবর্তন করে গান তৈরি করা কপিরাইট আইন, ২০২৩-এর ৬৯ ধারার লঙ্ঘন। তবে কপিরাইট অফিস বলছে, তাদের কাছে আইন লঙ্ঘনের কোনো অভিযোগ আসেনি।

এ বিষয়ে কপিরাইট অফিসের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “সারাদেশে নির্বাচনি প্রচারে অনেক গান তৈরি হয়েছে। এসব যাচাই করার সক্ষমতা তো আসলে কপিরাইট অফিসের নেই, এত জনবলও নেই। এখন কেউ যদি অভিযোগ করেন, সে বিষয়টি তদন্ত করবে কপিরাইট অফিস।”

গানের কপিরাইট লঙ্ঘন নিয়ে কোনো অভিযোগ এসেছে কী না, জানতে চাইলে তিনি বলেন, “নতুন গান হলে কপিটরাইট নিবন্ধনের আবেদন করতে অনেকে আসেন। নির্বাচনকেন্দ্রিক যেসব নতুন গান তৈরি হয়েছে, তার কোনো কপিরাইট নিবন্ধনের আবেদন আসেনি। কোনো গানের কপিরাইট লঙ্ঘন হয়েছে বলেও কোনো অভিযোগ আসেনি।”