২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ‘উইল অ্যান্ড গ্রেস’ তারকা লেসলি জর্ডান

গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন আমেরিকান কমেডিয়ান।

চলে গেলেন ‘উইল অ্যান্ড গ্রেস’ তারকা লেসলি জর্ডান

লেসলি জর্ডান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 07:55 PM

Updated : 25 Oct 2022, 07:55 PM

গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন আমেরিকান অভিনেতা লেসলি জর্ডান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

সোমবার বিবিসি জানায়, ‘উইল অ্যান্ড গ্রেস’ এবং ‘আমেরিকান হরর স্টোরি’ ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পাওয়া এই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার এজেন্ট।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে লস অ্যাঞ্জেলেসে একটি বাড়ির পাশে গিয়ে ধাক্কা দেয় লেসলি জর্ডানের গাড়ি। গাড়িতে থাকা জর্ডান ঘটনাস্থলেই মারা যান বলে লস এঞ্জেলস টাইমস পত্রিকাকে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, সংঘর্ষের পরপরই জর্ডানের তাৎক্ষণিক মৃত্যু হয়েছে নাকি জরুরি চিকিৎসা পেতে দেরির কারণে তিনি মারা গেছেন তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

জর্ডানের এজেন্ট জন লেক্লেয়ার রয়টার্সকে বলেন, এই তারকা ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। তিনি ফক্স টেলিভিশনের ধারাবাহিক ‘কল মি ক্যাট’ এর সেটে যাচ্ছিলেন।

বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, জর্ডানের মৃত্যুতে এই ধারাবাহিকের তৃতীয় মৌসুমের শুটিং আপাতত স্থগিত করা হয়েছে।

১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের চ্যাটানুগাতে জন্ম নেওয়া লেসলি জর্ডান মাত্র ১২ বছর বয়সে তার মাকে জানিয়েছিলেন, তিনি সমকামী।

১৯৮২ সালে ইউনিভার্সিটি অব টেনেসি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি লস এঞ্জেলেসে পাড়ি জমান এবং বিভিন্ন চরিত্রে অভিনয় শুরু করেন। মারফি ব্রাউন নাটকে অভিনয় তাকে খ্যাতি এনে দেয়। স্যাটায়ারিক্যাল কমেডি সিরিজ ‘উইল অ্যান্ড গ্রেস’-এ বেভারলি লেসলি চরিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে তিনি অ্যামি অ্যাওয়ার্ড জয় করেন।

কোভিড-১৯ মহামারীর লকডাউনের সময়ে তরুণ দর্শকগোষ্ঠীর কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন জর্ডান। বিশেষ করে ইনস্টাগ্রামে ওই সময় দিনে দুইবার তিনি পোস্ট দিতেন, যা তার প্রোফাইলকে ৫৮ লাখ অনুসরণকারী জুটিয়ে দেয়। লেসলি জর্ডান প্রায়ই তার মাদকাসক্তি নিয়ে খোলামেলা আলোচনা করতেন, যেজন্য তাকে কারাগারেও যেতে হয়েছিল।

লেসলি জর্ডানের মৃত্যুতে শোক জানিয়েছেন তার সহকর্মীসহ হলিউডের তারকারা।

জর্ডানের সহকারী ডেভিড শাউল বলেছেন, এই তারকার মৃত্যুতে পৃথিবী ‘আঁধারে’ ছেয়ে গেছে।

“তিনি কাজের ক্ষেত্রে একজন বিশাল প্রতিভাই শুধু ছিলেন না, বরং তিনি কঠিন সময়ে একটি সহানুভূতির আধার ছিলেন। পেশাগত ও ব্যক্তিগত জীবনকে তিনি যে উচ্চতায় রেখে বিদায় নিলেন তা যে কারও জন্যই একমাত্র আলোর উৎস হতে পারে।”