২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক বিজ্ঞাপনেই শাকিবের ছয় লুক

দেড় মিনিটের বিজ্ঞাপনটি বানিয়েছেন পরিচালক আদনান আল রাজীব।

এক বিজ্ঞাপনেই শাকিবের ছয় লুক
বিজ্ঞাপন চিত্রের বিভিন্ন চরিত্রে শাকিব খান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 12:06 AM

Updated : 26 Aug 2026, 05:13 PM

কখনো অভিনেতা, কখনো বৈমানিক, আবার কখনও তীরন্দাজ এবং এর বাইরে আরও তিনটি চরিত্র নিয়ে পর্দায় এসেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

একের পর এক ব্যবসাসফল সিনেমা করে ক্যারিয়ারের তুঙ্গে থাকা এই নায়ককে ছয়টি লুকে পাওয়া গেছে একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে। 

শীতের একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনের মডেল হয়েছেন শাকিব। 

দেড় মিনিটের ভিডিওতে অভিনেতা, বৈমানিক, তীরন্দাজ ছাড়াও শাকিব, বৃদ্ধ প্রফেসর, টক শোয়ের সঞ্চালক এবং বিয়ে পড়ানোর কাজী হয়ে নেচে গেয়ে হুলস্থুল করেছেন। 

বিজ্ঞাপণটি নির্মাণ করেছেন পরিচালক আদনান আল রাজীব। 

শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “শুটের ফাঁকে শিল্পী আর নির্মাতার যে হৃদয়ের কথা হয়, সেখানেই আসল সিনেমা তৈরি হয়। একসঙ্গে কাজ করতে গিয়ে দারুণ লেগেছে।”

শাকিব এখন ব্যস্ত আছেন ‘সোলজার’ সিনেমার শুটিং নিয়ে। এরপরই এই নায়ক যুক্ত হবেন 'প্রিন্স' নামের সিনেমায়।  

দুইটি সিনেমাই ঈদ ঘিরে মুক্তির সম্ভাবনা রয়েছে।  

‘সোলজার’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী। আর ‘প্রিন্স’ সিনেমায় শাকিবের ঢাকার নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ। এছাড়া কলকাতা থেকে অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু যুক্ত হবেন এই সিনেমায়।

কোভিড মহামারীর পর ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে এক নতুন অধ্যায় শুরু করেন শাকিব। এরপর ‘বরবাদ’, ‘তাণ্ডব’, ‘তুফান’- এর মত সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। আর প্রতিটি সিনেমাই সাফল্যের মুখ দেখেছে।