১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আদালতের নির্দেশ, অনুমতি ছাড়া জ্যাকির কণ্ঠ ব্যবহার নয়

বিচারপতি সঞ্জীব নরুলার একটি বেঞ্চ জ্যাকি শ্রফের দায়ের করা একটি মামলার শুনানি নিয়ে এক অন্তর্বতীকালীন আদেশ দিয়েছেন

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:41 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

অনুমতি ছাড়া বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের ছবি এবং কণ্ঠস্বর কোনো বিজ্ঞাপন বা ভিডিও কনটেন্টে ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে দিল্লির হাই কোর্ট।

এনডিটিভি লিখেছে, বিচারপতি সঞ্জীব নরুলার একটি বেঞ্চ জ্যাকি শ্রফের দায়ের করা একটি মামলার শুনানি নিয়ে এক অন্তর্বতীকালীন আদেশ দিয়েছেন।

আদেশে বলা হয়েছে, “অভিনেতা জ্যাকি শ্রফের ছবি সংবলিত ওয়ালপেপার, টি-শার্ট এবং পোস্টার ই-কমার্স সাইটগুলোতে বিক্রি করা যাবে না। এআই প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠস্বরও কোনো ভিডিওতে ব্যবহার করা যাবে না।”

এই মামলার শুনানির জন্য আগামী ১৫ অক্টোবর তারিখ দিয়েছে আদালত। 

কয়েকদিন আগে অনুমতি ছাড়া যাতে কেউ তার কণ্ঠস্বরও ব্যবহার করতে না পারে, সেই জন্য মামলা করেন তিনি।

পাশপাশি এখনও পর্যন্ত যেসব ভিডিও তার কণ্ঠ ব্যবহার করে বানানো হয়েছে, সেগুলো সোশাল মিডিয়া থেকে সরিয়ে নিতে আবেদন করেছিলেন এই অভিনেতা।