‘ব্ল্যাক অ্যাডাম’ হয়ে স্টার সিনেপ্লেক্সে আসছেন দ্য রক
সিনেমার আগাম টিকেটও বিক্রি শুরু হয়ে গেছে।
দ্য রকখ্যাত হলিউড অভিনেতা ডোয়াইন জনসন অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’ বিশ্বব্যাপী মুক্তি পাবে ২১ অক্টোবর। সেদিন থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও প্রদর্শিত হবে সিনেমাটি।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, দর্শকদের চাহিদার কারণে এরই মধ্যে সিনেমার আগাম টিকেটও বিক্রি শুরু করেছেন তারা।
‘ব্ল্যাক অ্যাডাম’ ওয়ার্নার ব্রাদার্স এবং নিউ লাইন সিনেমার চলচ্চিত্র ‘শাজাম’-এর স্পিন-অফ। চরিত্রটি প্রথম ১৯৪০-এর দশকে ডিসি কমিকসে একজন ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল। ২০০০ সালে এটি অ্যান্টি-হিরো হিসেবে নতুন রূপায়ন ঘটে এর।
মিশরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ব্ল্যাক অ্যাডাম। প্রায় পাঁচ হাজার বছর পর সমাধি থেকে মুক্ত হয়েই আবারও কারাবন্দি হন তিনি। শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই। এমনই এক গল্প নিয়ে নির্মিত ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমাটি।
প্রথম ট্রেইলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনার পারদ উপরে উঠতে শুরু করেছে। এর বড় আকর্ষণ হয়ে এসেছেন ডোয়াইন জনসন। প্রথমবারের মতো ডিসি কমিকসের কোনো চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়া সিনেমার আরও একটি বড় চমক হিসেবে আছেন সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনান।
ডিসি কমিকসের সুপারহিরো সিরিজ ‘শাজাম’র প্রধান ভিলেন বলা হয়ে থাকে ব্ল্যাক অ্যাডামকে। যদিও ভিলেন নয়, অ্যান্টিহিরো হিসেবেই বেশি পরিচিত এখন চরিত্রটি। জনপ্রিয় এ চরিত্রকে সিনেমায় একটু ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন পরিচালক জাউমি কোলেট।
সিএনএনের বরাত দিয়ে মেজবাহ বলেন, সিনেমাটিতে আরেকজন সুপারহিরোকে দেখা যেতে পারে। সম্প্রতি নিউ ইয়র্কে ছবির প্রিমিয়ারের আগে এমনটাই আভাস দিয়েছেন ডোয়াইন জনসন।
অভিনেতা হেনরি ক্যাভিলকে সুপারম্যানের ভূমিকায় ‘ব্ল্যাক অ্যাডাম’ এ দেখা যাবে বলে যে গুঞ্জন চলছে, সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল ডোয়াইন জনসনকে।
এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, “ব্ল্যাক অ্যাডামের লক্ষ্য এবং উদ্দেশ্য হল পুরো ডিসি ইউনিভার্সকে গড়ে তোলা, কেবল ব্ল্যাক অ্যাডামকে নয়, দর্শকদের সামনে পুরো জেএসএকে (জাস্টিস সোসাইটি অব আমেরিকা) তুলে ধরা।”
ওই সাক্ষাৎকারে জনসন বলেন, “যেমনটা আমি সব সময় বলে এসেছি, আমাদের প্রযোজনার মূল নীতি হলো দর্শকদের পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।
“বছরের পর বছর ধরে ব্ল্যাক অ্যাডামকে নিয়ে দর্শকদের এত উচ্ছ্বাসের কারণ হলো- এ গ্রহের সবচেয়ে শক্তিশালী ও অপ্রতিরোধ্য শক্তি হিসেবে ব্ল্যাক অ্যাডামকে তুলে ধরা হয়েছে। ভক্তরা এখন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে- বিশ্বব্রহ্মান্ডে সেই অপ্রতিরোধ্য শক্তি কোথায়? আমরা সবাই কাঙ্ক্ষিত সেই মুহূর্তটি দেখার অপেক্ষায় আছি।”
