দূষণ নিয়ন্ত্রণে আইনের প্রয়োগ নিশ্চিতের পরামর্শ
কৃষিজমি রক্ষায় সরকার আইন করার কথা ভাবছে বলে জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
দেশে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে সঠিক আইন ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতের পরামর্শ দিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতারা।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘এনভায়রনমেন্টাল প্রটেকশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এমন পরামর্শ এসেছে তাদের কাছ থেকে।
তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই।
‘সবুজ বাংলাদেশ: সমৃদ্ধ বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির উদ্যোগে তিন দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, কৃষিজমি রক্ষায় সরকার একটি আইন করার কথা ভাবছে।
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “পরিবেশ রক্ষায় আওয়ামী লীগই একমাত্র দল, যে দল এই সাবজেক্টের ওপর নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। অন্য কোনো রাজনৈতিক দল এটা করছে না।”
সেমিনারে বিভিন্ন দেশের প্রতিনিধি ও সেমিনারে অংশ নেওয়া সদস্যদের সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বন ও পরিবেশ উপকমিটির চেয়ারম্যান খন্দকার বজলুল হক।
শুক্রবার সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়।
সিরডাপ মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বিভিন্ন বিভাগ এবং সেন্টার ফর এডভান্সড রিসার্চ এন্ড সায়েন্সে (কারস) একযোগে পরিবেশ বিষয়ক ভিন্ন ভিন্ন বিষয়ে আলোচনা, সেশন, পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের ‘থিম স্পিকার’ ছিলেন পরিবেশবিদ অধ্যাপক আতিক রহমান। প্ল্যানারি স্পিকার ছিলেন অস্ট্রেলিয়ার পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ব্যঞ্জামিন হাওডেন এবং জাপানের পরিবেশবিদ অধ্যাপক হিরোওকু মাতসুদা। ২০টি দেশের পরিবেশ বিজ্ঞানীরা সম্মেলনে অংশ নেন।
