২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহত ঘড়িয়াল ভাওয়াল উদ্যানে অবমুক্ত

রাজবাড়ীতে জালে আটকা পড়া আহত ঘড়িয়াল উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানের বন্যপ্রাণী সেবাকেন্দ্রের পুকুরে অবমুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 04:28 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে জালে আটকা পড়া আহত ঘড়িয়াল উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানের বন্যপ্রাণী সেবাকেন্দ্রের পুকুরে অবমুক্ত করা হয়েছে। রোববার বন অধিদপ্তরের বন সংরক্ষক (বন্যপ্রাণী) তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তপন কুমার দে বলেন, "বুধবার রাজবাড়ি জেলার সদর উপজেলার বরাট ইউনিয়ন এর আম্বারিয়া চরের পদ্মা নদীতে ওরাকান্দা গ্রামের আমজাদ হোসেন জালে আটকা পড়ে বিরল প্রজাতির একটি ঘড়িয়াল। তাৎক্ষণিকভাবে বন বিভাগের ডেপুটি রেঞ্জার ও ফরেস্টার ঘটনাস্থলে গিয়ে আহত ঘড়িয়ালটি উদ্ধার করেন।" আনুমানিক দুই বছর বয়সী ঘড়িয়ালটি লম্বায় ৪ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪.৫ কেজি। ঘড়িয়াল দেশে বিলুপ্তপ্রায় মহাবিপদাপন্ন সরীসৃপ জাতীয় প্রাণী। এক সময় পদ্মা ও যমুনা নদীতে প্রচুর ঘড়িয়ালের আনাগোনা ছিল। তপন বলেন, "বর্তমানে রাজশাহী শহর সংলগ্ন পদ্মা নদীতে মাঝে মধ্যে ঘড়িয়ালের বিচরণ আছে বলে জানা যায়। তবে এদের বিচরণ ক্ষেত্র রাজশাহী হতে আরিচা এলাকা পর্যন্ত বিস্তৃত।" বন অধিদপ্তরের এই সংক্ষক জানান, ঢাকা চিড়িয়াখানায় ৪টি, রাজশাহী চিড়িয়াখানা ৩টি ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, কক্সবাজারে ১টি ঘড়িয়াল আছে। তিনি জানান, শুক্রবার আহত ঘরিয়ালের বাচ্চাটি রাজবাড়ী থেকে ভাওয়াল জাতীয় উদ্যানে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে বন্যপ্রাণী সেবাকেন্দ্রের পুকুরে অবমুক্ত করে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২১৪ ঘ.