ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ আগামী অক্টোবর মাসের মাঝামাঝিতে ঢাকায় পরিবেশ বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে।
মঙ্গলবার পরিবেশ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সুইডেনের সহায়তায় 'গৃহাভ্যন্তরে বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ হ্রাস' বিষয়ক এই সম্মেলনটি আয়োজন করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেক্সিকো সিটিতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনএপি-ইউনেপ) ব্যবস্থাপনায় উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। সেখানেই এ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়।
মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বৈঠকে বিশ্বের ২৩টি দেশের পরিবেশ মন্ত্রীরা অংশ নেন। মেক্সিকো, সুইডেন, যুক্তরাষ্ট্র ও কানাডা যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে।
পরিবেশ মন্ত্রী বলেন, কালো কার্বন নিঃসরণ বন্ধে বিশ্ব স¤প্রদায়ের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বাংলাদেশে কালো কার্বন উৎপাদন ও নিঃসরণ বন্ধে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ঘরের ভেতরে দূষণ কমাতে বাংলাদেশ ইতোমধ্যে উন্নতমানের চুলা ব্যবহারে জনগণকে উৎসাহিত করার উদ্যোগ নিয়েছে। এতে দূষণ নিয়ন্ত্রণে আসবে এবং জ্বালানি হিসেবে কাঠের ব্যবহারও কমবে।
উন্নত মানের চুলা ব্যবহারে সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে উন্নত বিশ্বের সহায়তাও কামনা করেন প্রতিমন্ত্রী।
পরে প্রতিমন্ত্রী সেখানে কানাডার পরিবেশ মন্ত্রী পিটার কেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ডে অর্থায়নের জন্য কানাডার পরিবেশ মন্ত্রীকে অনুরোধ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/২০০৩ ঘ.
bdnews24