২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণের দায়ে এক কারখানাকে কোটি টাকা জরিমানা

ধামরাই-আশুলিয়ার পাকুরিয়া বিল ও বংশাই নদী দূষণের অভিযোগে এক কারখানাকে এক কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

গাজীপুর, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধামরাই-আশুলিয়ার পাকুরিয়া বিল ও বংশাই নদী দূষণের অভিযোগে এক কারখানাকে এক কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 'বিশ্বাস সিনথেটিক লিমিটেড' নামের এক কারখানাকে সোমবার পরিবেশ অধিদপ্তর এ জরিমানা করে বলে অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। এতে সহায়তা করে র‌্যাব-২ এর একটি দল। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বাস সিনথেটিক লিমিটেডের মালিক মঈনউদ্দিন বিশ্বাস ২০০৬ সালে পরিবেশ অধিদপ্তর থেকে সিনথেটিক কারখানার অনুমতি নেন। কিন্তু অধিদপ্তরকে না জানিয়ে বেআইনিভাবে ২০০৭ সালে সেখানে একটি ডাইং ইউনিট চালু করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ডাইং কারখানা একটি 'লাল' তালিকাভুক্ত শিল্প। এ জন্য ২০০৭ সালের ডিসেম্বরে কারখানার মালিককে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার কোনো জবাব মেলেনি। পরিবেশ অধিদপ্তর জানায়, ওই ডাইং ইউনিটে প্রতিদিন ১৫ মেট্রিকটন সিনথেটিক ফেব্রিক্স ডাই করা হয়। কারখানার ইটিপিও দীর্ঘদিন অচল করে রাখে কর্তৃপক্ষ। এ কারখানা থেকে গত সাড়ে তিন বছরে প্রায় সাড়ে চার লাখ ঘনমিটার দূষিত তরল বর্জ্য পাকুরিয়া বিল ও বংশাই নদীতে নির্গত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকুরিয়া বিলের পানি পরীক্ষা করে প্রতি লিটারে দ্রবীভূত অক্সিজেন মাত্র শূন্য দশমিক সাত মিলিগ্রাম পাওয়া যায়। যেখানে আদর্শমাত্রা ন্যূনতম চার দশমিক পাঁচ মিলিগ্রাম। পাকুরিয়া বিল ও বংশাই নদী দূষণের অপরাধে বিশ্বাস সিনথেটিক লিমিটেডকে ১ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি আগামী ২ অগাস্টের মধ্যে ইটিপি কার্যকরভাবে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। কারখানার মালিক মঈন উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পরিবেশ অধিদপ্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/২২৫৬ ঘ.