২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণ: দুটি কারখানাকে সাড়ে ৬৪ লাখ টাকা জরিমানা

কারখানার বর্জ্যে বংশাই ও ধলেশ্বরী নদী দূষণের অভিযোগে সাভারে দুটি কারখানাকে সাড়ে ৬৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

গাজীপুর, জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারখানার বর্জ্যে বংশাই ও ধলেশ্বরী নদী দূষণের অভিযোগে সাভারে দুটি কারখানাকে সাড়ে ৬৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানা দুটি হচ্ছে সাভারের কর্ণপাড়া এলাকার অলি নিটিং এন্ড ডাইং এবং গণকবাড়ি এলাকার ঝুমকা টেক্সটাইল মিলস লিমিডেট। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের (এনফোর্সমেন্ট) অভিযানে আদেশ দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে দেখা যায় অলি নিটিং এন্ড ডাইংয়ে ইটিপি বন্ধ রেখে উৎপাদন কার্যক্রম চলছে। কারখানা থেকে কালো বর্ণের অপরিশোধিত তরল বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) এড়িয়ে ড্রেনের মাধ্যমে বংশাই নদীতে গিয়ে পড়ছে। অপরদিকে ঝুমকা টেক্সটাইল মিলে দেখা যায়, সেখানেও ইটিপি বন্ধ রেখে উৎপাদন কাজ চলছে এবং অপরিশোধিত লাল বর্ণের তরল বর্জ্য কর্ণপাড়া খালের মাধ্যমে ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে। অভিযানের সময় কারখানার কর্মকর্তাদের আটক করে ইটিপি পরীক্ষা করা হয়। দু'টি কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থলে পরিবেশ দূষণের অভিযোগ স্বীকার করেন এবং দূষণের জন্য ক্ষমা প্রার্থণা করেন। নদী দূষণ এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে এ দুটি কারখানাকে মোট ৬৪ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা এবং তাদের ডাইং কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। উল্লেখ্য, অলি নিটিং ১৩ বছর ধরে পরিবেশ ছাড়পত্র ছাড়াই এবং ঝুমকা টেক্সটাইল ১ বছর ধরে পরিবেশ ছাড়পত্র নবায়ন ছাড়া উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৩৮ ঘ.