মানিকগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অফিসের ব্যাবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া প্রতিকূল থাকায় ফেরিগুলো ধীরগতিতে চলাচল করছে। এতে নদী পারাপার হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে।
এছাড়া প্রবল বাতাসের কারণে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও কুমারী নামের দু'টি ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে গাড়ির লাইন লেগেছে।
বিকেল ৪টা পর্যন্ত পাটুরিয়ায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক এবং শতাধিক যাত্রীবাহী বাস ও ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
এসব যানবাহন আটকা পড়ার কারণে পাটুরিয়ায় প্রায় দুই কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮১৫ ঘ.
bdnews24