২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি গাছ কাটায়ও বন বিভাগের অনুমতি লাগবে

এখন থেকে সরকারি গাছ কাটতে হলে কর্মকর্তাদেরও বন বিভাগের অনুমতি নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখন থেকে সরকারি গাছ কাটতে হলে কর্মকর্তাদেরও বন বিভাগের অনুমতি নিতে হবে। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন। জেলা ও উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি গাছ কাটা রোধে আইনের কঠোর প্রয়োগের সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, "দেশের যত্রতত্র বৃক্ষনিধন ঠেকাতে প্রণীত 'বৃক্ষ সংরক্ষণ আইন' ইতোমধ্যে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৃক্ষ সংরক্ষণ আইনের ফলে এখন যে কেউ ইচ্ছে করলেই গাছ কাটতে পারবেন না। এমনকি সরকারি কর্মকর্তারাও না।" সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার থেকে ঢাকার শেরেবাংলানগরে মেলা মাঠে বৃক্ষমেলা শুরু হবে। ওই দিন সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের জন্য ১৬টি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করবেন। এতে প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ১০ টাকা। পুরস্কারপ্রাপ্তরা একটি করে সনদও পাবেন। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু জাতীয় পুরস্কারও দেওয়া হবে একই অনুষ্ঠানে। তিনটি শ্রেণিতে একজন করে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হবে। এ পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি দুই ভরি স্বর্ণের একটি পদক, একটি সনদ ও ৫০ হাজার টাকার একটি চেক পাবেন। প্রতিমন্ত্রী জানান, গত বছর বন বিভাগের মাধ্যমে ৬ কোটি এবং ব্যক্তি পর্যায়ে ৪ কোটি গাছ রোপণ করা হয়েছিলো। এ বছর শুধু বন বিভাগই ৯ কোটি ২৩ লাখ চারা গাছ রোপণ করবে। এর মধ্যে দুই কোটি ২৩ লাখ চারা শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে বিতরণের জন্য সংসদ সদস্যদের দেওয়া হবে। বাকি চারা বন বিভাগ নিজ উদ্যোগে রোপণ করবে বলে জানান প্রতিমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এমআই/১৫৪০ ঘ.