২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাকৃতিক দুর্যোগ: তৈরি হচ্ছে ৬২ হাজার স্বেচ্ছাসেবী

প্রাকৃতিক দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে এবং দ্রুত উদ্ধার তৎপতা শুরুর প্রস্তুতি হিসেবে সারাদেশে মোট ৬২ হাজার কমিউনিটি স্বেচ্ছাসেবী গড়ে তোলা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে এবং দ্রুত উদ্ধার তৎপতা শুরুর প্রস্তুতি হিসেবে সারাদেশে মোট ৬২ হাজার কমিউনিটি স্বেচ্ছাসেবী গড়ে তোলা হচ্ছে। এদের ১৮ হাজার জন থাকবে ঢাকায়। ইতিমধ্যে শুধু ঢাকা শহরের জন্য প্রায় চার হাজার স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ করেছে অগ্নি-নির্বাপক বাহিনী বা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক এমএম মতিউর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) এবং ফায়ার সার্ভিস অধিদপ্তর যৌথভাবে এ স্বেচ্ছাসেবী তৈরির কাজ করছে। প্রকল্পের মেয়াদ তিন বছর এজন্য নেওয়া তিন বছর মেয়াদি একটি প্রকল্পে ইউএনডিপি, ইউকেএআইডি, অস্ট্রেলিয়া এআইডি, নরওয়ে দূতাবাস ও সিডাসহ ইউরোপীয় ইউনিয়ন অর্থ যোগান দিচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। এমএম মতিউর রহমান জানান, ভূমিকম্প ও অগ্নি-নির্বাপন খাতে দেশে বর্তমানে মাত্র ছয় হাজার প্রশিক্ষিত কর্মী রয়েছেন। এটা দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় অপ্রতুল। তাই সরকার বেসরকারি এ স্বেচ্ছাসেবী গড়ে তোলার কর্মসূচি হাতে নিয়েছে। সিডিএমপি'র দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ওয়ার্ড ও জেলা শহর থেকে স্বেচ্ছাসেবী বাছাই ও নির্বাচন করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গোটা দেশে এ কর্মসূচির অধীনে প্রশিক্ষণ দিয়ে ৬২ হাজার কর্মী গড়ে তোলা হবে। ইতোমধ্যে দেশে প্রায় ১০ হাজার কর্মীর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় শেষ হয়েছে সাড়ে তিন হাজার কর্মীর প্রশিক্ষণ। 'ঢাকার স্বেচ্ছাসেবীরা মাঠে নামছে রোববার' ঢাকায় প্রশিক্ষণ নেওয়া কর্মীদের এরই মধ্যে মাঠে নামানোর প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার তেজগাঁও'র ভবন ধসের ঘটনাস্থল দেখানো হয় এসব কর্মীকে। রোববারই এদের মাঠে নামানো হবে বলে জানান মতিউর রহমান। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) নগর ঝুঁকি হ্রাস বিশেষজ্ঞ এএসএম মাকসুদ কামাল জানান, ঢাকা শহর বর্তমানে রয়েছে ভূমিকম্পের ঝুঁকিতে। চট্টগ্রাম ও সিলেটসহ আরো কয়েকটি জেলাও এ ঝুঁকিতে রয়েছে। এসব জেলায় প্রশিক্ষণের মাধ্যমে স্বেচ্ছাসেবী গড়ে তোলা হচ্ছে। যেন কোনো ঘটনার পরপরই বাইরে কেউ আসার আগে নিজেরাই উদ্ধার কাজ শুরু করতে পারে। তিনি জানান, ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ২০০ জন করে ৯০ ওয়ার্ডে মোট ১৮ হাজার স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হচ্ছে। এসব কর্মীকে ভূমিকম্পের সময় করণীয়, পরবর্তী উদ্ধার তৎপরতা, উদ্ধার যন্ত্রের ব্যবহার ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সর্বোচ্চ প্রশিক্ষিত সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীকেও। বিশেষ প্রশিক্ষণ পাওয়া কমিউনিটি স্বেচ্ছাসেবীরা কোন ঘটনার পর তাৎক্ষণিকভাবে অগ্নি-নির্বাপক বাহিনীকে খবর দেওয়াসহ উদ্ধার তৎপরতা শুরু করবে। প্রয়োজনে প্রাথমিক চিকিৎসাও দেবে। ফলে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমে আসবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ছাড়াও ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, রংপুর ও দিনাজপুরে এ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি। প্রশিক্ষণ নেওয়া তেজগাঁও এলাকার স্বেচ্ছাসেবী নাজমুল হোসেন ও রওশন আরা বেগম জানান, তিনদিনের প্রশিক্ষণে যা শেখানো হয়েছে, তাতে যে কোনো দুর্যোগের পর প্রাথমিক কাজগুলো দক্ষতার সঙ্গে করতে পারবেন তারা। বিচ্ছিন্ন তৎপরতার চেয়ে দলগত প্রচেষ্টার ফলে দুর্ঘটনার ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমিয়ে আনা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১২৮ ঘ.