চট্টগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হামিদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর এবং নদী বন্দরগুলোকে ২ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানান তিনি।
এই সময়ে সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/এমএইচসি/আরএ/১৯৩৬ ঘ.
bdnews24