পটুয়াখালী/মাগুরা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২৫ জন। ঝড়ে বিধ্বস্ত হয়েছে অর্ধশত কাঁচা-ঘরবাড়ি।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে জেলার দশমিনা, বাউফল ও গলাচিপা উপজেলার ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।
দশমিনা উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝড়ে ঘর চাপা পরে বগুড়া গ্রামের আলেয়া বেগম (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবারটিকে ৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ঝড়ে দশমিনার বগুড়া, বাউফলের বগি ও গলাচিপা উপজেলার দুর্গম চরকাজলের বড়শিবা এলাকায় প্রায় অর্ধশত ঘড়বাড়ি বিধ্বস্ত হয়েছে।
চরকাজল ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান রুবেল সাংবাদিকদের জানান, ঝড়ে গলাচিপা উপজেলার বিভিন্ন চরে বেশকিছু কাঁচা ঘরবাড়ি, গাছপালা উপড়ে গেছে। আহত হয়েছে কয়েক জন।
মাগুরা : ভোর ৪টার দিকে জেলার সদর ও মহম্মদপুর উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে প্রায় দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে প্রায় পাঁচ শতাধিক গাছ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরতলীর পারনান্দুয়ালীতে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় এলাকার কমপক্ষে ২০টি মাছের আড়ত ও বরফ কল বন্ধ হয়ে গেছে।
হাজরাপুর কৃষক উন্নয়ন সমিতির সভাপতি অলিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদরের হাজরাপুর, হাজীপুর এলাকায় ঝড়ে শতাধিক লিচু গাছ উপড়ে গেছে।
তিনি জানান, বোরো ধানেরও ক্ষতি হয়েছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোখলেসুর রহমান সাংবাদিকদের জানান, ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত অন্য এলাকাগুলোর মধ্যে রয়েছে শহরতলীর পারনান্দুয়ালী, বরুনাতৈল, বেলনগর, কছুন্দী, দোহারপাড়, সদর উপজেলার হাজরাপুর, ইছাখাদা ও মহম্মদপুর উপজেলার তেলিপুকুর গ্রাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩১৩ ঘ.
bdnews24