ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ আইন অমান্যকারীদের সরকার এ পর্যন্ত আট কোটি ৩২ লাখ টাকা জরিমানা করেছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের চামেলি সম্মেলন কক্ষে মিট দ্য পিপল প্রোগ্রামে এ তথ্য জানান তিনি।
মিট দ্য পিপল গ্রোগ্রাম পরিবেশ সংশ্লিষ্ট অভিযোগ শুনানি এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে জনসাধারণ ও সুধি সমাজের পরামর্শ নিতে পরিবেশ অধিদপ্তরের জবাবদিহিতামূলক একটি কর্মসূচি। পরিবেশ অধিদপ্তর প্রত্যেক মাসের দ্বিতীয় বৃহস্পতিবার সকাল ১১টায় মিট দ্য পিপল গ্রোগ্রাম আয়োজন করে থাকে।
অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশ থেকে প্রায় একশজন এ অনুষ্ঠানে নেন। তারা প্রতিমন্ত্রীর কাছে আবাসিক এলাকায় শিল্পপ্রতিষ্ঠান, ইটভাটার দূষণ, নদীদূষণ, বায়ুদূষণ, শব্দদূষণ ইত্যাদি বিষয়ে প্রতিকার চান এবং পরিবেশ সংরক্ষণে নানা পরামর্শ দেন।
পরিবেশ অধিদপ্তরকে এসব সমস্যা সমাধানে পরিবেশ অধিদপ্তরকে তাৎক্ষণিক নির্দেশনাও দেন প্রতিমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, "ইটভাটার দূষণ হ্রাসে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে ইটভাটার দূষণ বহুলাংশে হ্রাস করা সম্ভব হবে।"
সিরাজগঞ্জ থেকে আসা হাফিজুর রহমান বাবুল বলেন, "চলনবিল এলাকায় উঁচু মহাসড়ক এবং নদীর উপর ছোট ব্রিজ/কালভাট নির্মিত হওয়ায় ওই এলাকায় একদিকে যেমন নদী, খাল ধ্বংস হচ্ছে অন্যদিকে জীববৈচিত্রও হুমকির সম্মুখিন হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১০৬ ঘ.
bdnews24