ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছের প্রাকৃতিক উৎস হাওর ও জলাভূমিগুলোকে রাসায়নিক ও অবৈধ দখল থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি) আয়োজিত 'বনের জন্য পানি ও জলাভূমি' শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।
পরিবেশ বিশেষজ্ঞরা বলেন, রাসায়নিকের ব্যবহার এবং অবৈধ দখলের কারণে হাওর ও জলাভূমিগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এসব বন্ধ করতে সবাইকে অংশীদারিত্বের ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।
বক্তারা জলাভূমি ও হাওর উন্নয়নে কার্যকর উন্নয়ন কর্মসূচি গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
প্রাক্তন পরিবেশ সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, "জলাভূমি ও হাওরগুলো আমাদের অন্যতম প্রাকৃতিক সম্পদ। কিন্তু রাসায়নিকের অবাধ ব্যবহার এগুলোকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এসব খাল ও জলাভূমিকে আমাদের রক্ষা করতে হবে।"
পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নাসিরউদ্দিন বলেন, "হাওরগুলো আমাদের প্রাকৃতিক মাছের আধার। কিন্তু অবৈধ ব্যবহারকারী ও দখলদারদের কারণে এগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।
"এ অবস্থা চললে এসব মাছের আধার নষ্ট হয়ে যাবে। যা আমাদের বিদেশি মাছের ওপর নির্ভরশীল করে তুলবে। জাতীয় অর্থনীতির স্বার্থেই আমাদের এগুলো রক্ষা করতে হবে।"
পরিবেশ বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, "জলাভূমির সঙ্গে বনের একটি সম্পর্ক রয়েছে। এগুলো প্রাকৃতিকভাবেই সৃষ্ট। কিন্তু আমরা এগুলো রক্ষা করতে পারি না। ফলে প্রকৃতি আমাদের সঙ্গে বিরূপ আচরণ করে।"
জলাভূমি ও বনগুলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে পারে উল্লেখ করে তিনি এসব রক্ষার আহ্বান জানান।
বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- পরিবেশ বিশেষজ্ঞ রেজাউল করিম ও ফোরাম মহাসচিব হাসান হাফিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এমআই/১৫৩০ ঘ.
bdnews24