সুমন মাহবুব, বার্লিন থেকে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
বার্লিন, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় পরিবেশবান্ধব ও উচ্চ মানের জার্মান প্রকৌশল ও প্রযুক্তির ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, "জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশে জার্মানির পরিবেশ বান্ধব উচ্চ প্রযুক্তি থেকে উপকৃত হতে চায়।"
বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) একটি প্রতিনিধি দল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেল অ্যাডলনে দেখা করলে তিনি এ কথা বলেন।
বিজিসিসিআই'র সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ১৭ জন ছিলেন।
পরে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ বিষয়ে জানান।
প্রধানমন্ত্রী জার্মান বিনিয়োগকারীদের জ্বালানি, অবকাঠামো, বস্ত্র, জাহাজ নির্মাণ, চামড়াজাত পণ্য, তথ্য-প্রযুক্তি এবং ওষুধ শিল্পে বিনিয়োগের আহবান জানান।
সরকারি-বেসরকারি অংশিদারিত্ব ভিত্তিক (পিপিপি) অবকাঠামো, জ্বালানি উৎপাদন, সমুদ্রবন্দর ও গভীর সমুদ্রবন্দর এবং আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মান বিনিয়োগকারীদের বিনিয়োগের আহবানও জানান প্রধানমন্ত্রী।
সরকারের পক্ষ থেকে বিনিয়োগকারীদের দেওয়া সুযোগ-সুবিধার কথাও শেখ হাসিনা উল্লেখ করেন।
স্থানীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে আরো বিনিয়োগের আহবানও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, "জার্মানির দি ইন্টারন্যাশনাল রিনিউয়্যাবল এনার্জি এজেন্সি (আইআরইএনএ) বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি দিয়ে সাহায্য করতে পারে।"
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মসউদ মান্নান ও এফবিসিসিআই'র সভাপতি এ কে আজাদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯০৯ ঘ.
bdnews24