২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিল: নজরদারিকে স্বাগত জানাবে মন্ত্রণালয়

জলবায়ু তহবিল ব্যবহারে 'স্বচ্ছতা ও জবাবদিহিতা' নিশ্চিতে টিআইবিসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিশেষ নজরদারির উদ্যোগকে স্বাগত জানিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 08:02 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু তহবিল ব্যবহারে 'স্বচ্ছতা ও জবাবদিহিতা' নিশ্চিতে টিআইবিসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিশেষ নজরদারির উদ্যোগকে স্বাগত জানিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। সোমবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ক্লাইমেট চেঞ্জ ইউনিটের পরিচালক রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু তহবিল ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে ক্লাইমেট চেঞ্জ ইউনিট অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছে। "টিআইবিসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এ তহবিলের প্রতি বিশেষভাবে নজর রাখার উদ্যোগ এর কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হবে।" রোববার এক সেমিনারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পক্ষ থেকে জলবায়ুজনিত ঝুঁকি মোকাবেলায় উন্নত দেশগুলোর প্রতিশ্র"ত ১১০ মিলিয়ন ডলারের তহবিল ব্যয়ে 'স্বচ্ছতা' রাখার তাগিদ দেওয়া হয়। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এ তহবিলের 'স্বচ্ছতা ও জবাবদিহিতা' প্রতিষ্ঠায় সরকারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করবে টিআইবি। সেমিনারে জলবায়ু তহবিল বরাদ্দে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়। ক্লাইমেট চেঞ্জ ইউনিটের কাজ ব্যাখ্যা করে সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল থেকে অর্থ বরাদ্দ করার প্রক্রিয়া সম্পন্ন হয় আইনের আওতায় গঠিত একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে। ১০ জন মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য ও সুশীল সমাজের দুইজন বিশেষজ্ঞসহ ১৭ জন সদস্য নিয়ে এ বোর্ড গঠিত। আন্তর্জাতিক সংস্থার অর্থ সাহায্যে গঠিত বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রেজিলিয়েন্স তহবিল (বিসিসিআরএফ) বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়ন প্রক্রিয়া ও বাস্তবায়ন পদ্ধতি নিয়েও গঠনমূলক আলোচনা এ তহবিলের গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে। তহবিল বরাদ্দে স্বচ্ছতার ঘাটতি নেই দাবি করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এ পর্যন্ত ৬২টি সরকারি প্রকল্পের অনুকূলে ৬৯৮ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এখনো কোনো বেসরকারি সংস্থার অনুকূলে তহবিলের অর্থ ছাড় করা হয়নি। এ পর্যন্ত নীতিগত অনুমোদন পাওয়া বেসরকারি সংস্থাগুলোর সত্যতা ও সক্ষমতা যাচাই এবং প্রকল্পগুলো পর্যালোচনা করতে পিকেএসএফ'র সহযোগিতা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মতামত চাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/জেকে/০১৫৬ ঘ.