২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইলা দুর্গতদের জরুরি সহায়তার দাবি

ঈদের আর মাত্র ৪-৫ দিন বাকি। উৎসবের আনন্দে সারা দেশ যখন উদ্বেলিত হয়ে উঠবে, তখন আইলাদুর্গত এলাকার লক্ষাধিক মানুষের শুরু হবে আরেকটি অনাহারি দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 09:43 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

খুলনা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আর মাত্র ৪-৫ দিন বাকি। উৎসবের আনন্দে সারা দেশ যখন উদ্বেলিত হয়ে উঠবে, তখন আইলাদুর্গত এলাকার লক্ষাধিক মানুষের শুরু হবে আরেকটি অনাহারি দিন। খুলনার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনির বেড়িবাধ এলাকায় বাঁধের উপর খোলা আকাশের নিচে বসবাস করছে আইলায় ক্ষতিগ্রস্তরা। তাদের জন্য প্রতিটি দিনই একটি নতুন সংগ্রাম। এসব পরিবারেরও রয়েছে ছোট ছোট শিশু, যাদের কাছে শত সংগ্রামের মধ্যেও ঈদের দিন মানে একটি নতুন জামা, মায়ের হাতে একটুখানি সেমাই বা পোলাও রান্না। এ মানুষগুলো এখন তাকিয়ে আছে নীতি নির্ধারকদের সহানুভূতির আশায়। কিন্তু সরকার ছয় হাজার পরিবারকে ১০ কেজি করে চাল ও মাত্র ১৬০০ শাড়ী দিয়ে দায়িত্ব শেষ করেছে। সোমবার আইলাদুর্গত সংহতি মঞ্চ ও আইলা-বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণ গণসংগ্রাম কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আইলাদুর্গত সংহতি মঞ্চের আহ্বায়ক সিপিবি নেতা ফিরোজ আহমেদ। সংবাদ সম্মেলনে আইলাদুর্গত জনগণের জীবন-জীবিকা রক্ষায় পাঁচ দফা দাবিও তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, কর্তৃপক্ষ বেড়িবাঁধ নির্মাণ করতে না পারায় লক্ষাধিক মানুষ এখনো বেড়িবাঁধের উপর মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরেও সরকারি উর্ধ্বতন নীতি নির্ধারকগণ বারবার সময় নিয়েছে। সরকারের প্রায় সাড়ে ছয় শ' কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তিনি আরো বলেন, "শুধু পানি খেয়ে রোজা রাখার পরে আইলাদুর্গত এলাকার জনগণের ঈদ পালন করতে হবে না খেয়ে।" এ পরিস্থিতিতে আইলাদুর্গত এলাকার জনগণের আসন্ন ঈদুল ফিতর ও আগামী শারদীয় দুর্গাপুজা পালনের জন্য সরকারের জরুরী সহায়তা দাবি করা হয়। এছাড়া অবিলম্বে বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ, বেড়িবাঁধ নির্মাণে ব্যর্থতার জন্য গঠিত সংসদীয় তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ, ত্রাণ ও পুনর্বাসনের দুর্নীতির তদন্ত ও শাস্তি প্রদান এবং আইলাদুর্গত এলাকার কৃষি পুনর্বাসনে ভর্তুকি প্রদানসহ পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. কায়কোবাদ, রফিকুল হক খোকন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এসএ রশীদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনিরুল হক বাচ্চু, ওয়ার্কার্স পার্টির ফারুকুল ইসলাম, মনির আহমেদ, ন্যাপ'র ফজলুর রহমান, তপন রায়, হিউম্যানিটিওয়াচের শরিফুল ইসলাম সেলিম, নাসিম রহমান কিরণ, আইলাদুর্গত সংহতি মঞ্চের সদস্য সচিব হাসান মেহেদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৩০ ঘ.