মাদারীপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়িয়াল খাঁ নদীতে পানি বৃদ্ধি ও স্রোতের চাপে মঙ্গলবার ভোর ৫ টার দিকে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নে বেড়ি বাঁধ ভেঙ্গে গেছে।
বাঁধ ভেঙ্গে অন্ততঃ ৩০ টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ১৫ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।
শিরখাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল হাই মাতুব্বর বলেন, "এলাকাবাসীর সহযোগিতায় এর আগে আমরা কয়েকবার বাঁশ, কাঠ দিয়ে বেড়ি বাঁধের ভাঙ্গন রোধ করার চেষ্টা করেছিলাম। কিন্তু মঙ্গলবার ভোর রাতে বাঁধের নুরানী মৃধার বাড়ির সামনের একটি অংশ ভেঙ্গে গ্রামের ভিতরে পানি ঢুকে পড়ে।
"ফলে পশ্চিম মাঠ, বাহেরচর শ্রীনদী, আলম মীরারকান্দি, শ্রীনদী, ঘুনসী, কুচিয়ামারা, চরঘুনসী, সোনাপাড়া, সৈয়দপুর গোসাইদিয়া, বুড়িরবাড়ি গ্রাম ও কুনিয়া, পেয়ারপুর, বাহাদুরপুর ইউনিয়নের প্রায় ৩০ টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ১৫ হাজার হেক্টর ফসলি জমি ও ২ শতাধিক ঘরবাড়ি-দোকানপাট ক্ষতিগ্রস্থ হয়েছে।
শিরখাড়া ইউনিয়রে ঘুনসী গ্রামের কামাল মুন্সী, মজিবর হাওলাদার, আয়নাল, সিদ্দিক হাওলাদার বলেন, "ভাই আমাগো সকল ফসলি জমি ও ঘরবাড়ি আড়িয়াল খাঁর পেটের মধ্যে গেছে। আমরা এখন কই যামু? পোলাপান নিয়া না খাইয়া থাকতে অইবে এইবার।"
শিরখাড়ার সমাজ সেবক আ.সালাম হাওলাদার বলেন, "নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যাবসায়ীরা খুবই গরীব। তাদের সহায় সম্বল যা ছিল সবই নদী গ্রাস করেছে। ক্ষতিগ্রস্থ লোকদের দ্রুত সাহায্যের প্রয়োজন।"
মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান বলেন, "আমরা প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থদের একটি তালিকা তৈরি করেছি। উপজেলা পরিষদ থেকে যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৩১ ঘ.
bdnews24