২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণ: দুই কারখানার ১০ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের অপরাধে বৃহস্পতিবার চট্টগ্রামের দুটি কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 03:21 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের অপরাধে বৃহস্পতিবার চট্টগ্রামের দুটি কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী নগরীর কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত 'সিএন্ডএ টেক্সটাইল মিলস' এবং নাসিরাবাদ শিল্প এলাকার 'এস কে এক্সেসরিজ লিমিটেডকে' এ জরিমানা করেন। মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত সিএন্ডএ টেক্সটাইল মিল বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) কার্যকর না কওে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। ফলে কর্ণফুলী নদীর পানি দূষিত হচ্ছিল। অপরদিকে নাসিরাবাদ এলাকার এস কে এক্সেসরিজ ইটিপি ছাড়াই পণ্য উৎপাদন করে আসছিল বলে তিনি জানান। ইতিপূর্বে কারখানা দুটিকে ইটিপি স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হলেও তা মানা হয়নি। পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, ইটিপি কার্যকর না করে পরিবেশ দূষণের দায়ে প্রতিষ্ঠান দুটিকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। সেইসঙ্গে কারখানা দুটির মালিককে অবিলম্বে ইটিপি স্থাপনের জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়। এছাড়া বৃহস্পতিবার বান্দরবানে পাহাড় কেটে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অভিযোগে সাকুরা হিল রিসোর্ট নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয় বলে মুনীর চৌধুরী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১১০ ঘ.