২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 06:21 AM

Updated : 25 Aug 2022, 12:51 PM

কক্সবাজার, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। লঘুচাপের কারণে কক্সবাজার, চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত আবহাওয়াবিদ শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাগরে লঘুচাপের কারণে সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় আরও দুই-তিনদিন বৃষ্টি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র শুক্রবার সকাল সাড়ে ১০টায় তাদের আবহাওয়া সতর্ক বার্তায় জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের সমুদ্র বন্দরসমূহ এবং উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সতর্কতা বার্তায় চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঊপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১২০৯ ঘ.