ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক জলবায়ু চ্যাম্পিয়ন নির্বাচনের লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিল একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেছে।
রোববার রাজধানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ কাউন্সিলের জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান ডেভিড ভিনার ও কান্ট্রি ডিরেক্টর চার্লস নাটাল ওবিই এ প্রতিযোগিতার ঘোষণা দেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যুবসমাজকে সম্পৃক্ত করাই এর মূল উদ্দেশ্য।
এসময় ভিনার বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশসহ সারা বিশ্বের তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের মতামতকে অগ্রাহ্য করে এ চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। কারণ আগামী ১৫ থেকে ২০ বছরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যুবসমাজই নেবে।"
এ প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা সৃষ্টির জন্য কার্যক্রম পরিচালনা করবেন।
এতে ১৮-৩৫ বছরের তরুণ-তরুণীরা অংশ গ্রহণ করতে পারবে জানিয়ে ব্রিটিশ কাউন্সিলের জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান বলেন, "সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল তরুণ-তরুণীদের সাহায্য করছে, যাতে তারা নতুন ধরণের কার্যক্রম তৈরি করতে পারে। পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের নীতি নির্ধারকদের কাছে নিজেদের মতামত তুলে ধরতে পারে তারা।"
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি আরো বলেন, এজন্য বাংলাদেশের পাশে দাড়াতে চায় যুক্তরাজ্য।
২০০৯ সালের আগস্ট মাসে ব্রিটিশ কাউন্সিল এবং বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ যৌথভাবে এই জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে এ কার্যক্রম শুরু করে বলে জানান তিনি।
গত বছরও আন্তর্জাতিক জলবায়ু চ্যাম্পিয়ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ১৪ জন বিজয়ী হন। এবার আবেদনকারী প্রতিযোগীদের মধ্য থেকে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হবে।
তারা দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে গিয়ে মানুষের মধ্যে জলবায়ুর পরিবর্তন সর্ম্পকে সচেতনতা সৃষ্টিতে কার্যক্রম পরিচালনা করবেন। যেমন ঘূর্ণিঝড় বা বন্যার আগে এবং পরে কী ধরনের প্রস্তুতি নিতে হবে।
প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য অনলাইনে আগামী ২৯ মে'র মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট িি.িনৎরঃরংযপড়ঁহপরষ.ড়ৎম/নধহমষধফবংয এ যোগাযোগ করতে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স রাইকাহ ওয়ালি খান এবং বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক গোলাম রব্বানী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৯২৯ ঘ.
bdnews24