২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জলবায়ু পরিবর্তন: সক্ষমতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ'

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা গড়ে তোলার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 05:14 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা গড়ে তোলার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুধবার রাজধানীতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত 'কপ সিক্সটিন: ডিব্রিফ অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড' শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন। মেক্সিকোর কানকুনে সদ্য সমাপ্ত জলবায়ু সম্মেলনের অভিজ্ঞতা বিনিময় করতে গিয়ে সভায় আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, "আলোচনা থেকে বাস্তবায়ন, সব ক্ষেত্রে সক্ষমতা গড়ে তোলাই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।" তিনি বলেন, "কোপেনহেগেন সম্মেলনের তুলনায় বাংলাদেশের প্রস্তুতি এবার অনেক বেশি ভালো ছিল। আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছি।" পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবের চৌধুরী বলেন, "জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য কেবল চ্যালেঞ্জই নয়, এটি একটি সুযোগও। অভিযোজনের প্রচারণায় আমাদেরকে নেতৃত্বের প্রমাণ দিতে হবে।" প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে তিনি মানসিকতার পরিবর্তন হওয়া প্রয়োজন বলেও মনে করেন। এ সম্পর্কে তিনি বলেন, কী পরিমাণ অর্থ প্রয়োজন কিংবা ব্যয় হচ্ছে সে বিষয়টি নয়, বরং প্রকল্পের গুণগত অর্জন কী হতে পারে সেটা বিবেচনা করা উচিত। ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি রবার্ট জুহকাম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টা মূলত তহবিলের অর্থ ছাড়ে নিবদ্ধ। সক্ষমতা গড়ে তোলা প্রসঙ্গে তিনি বলেন, কানকুন সমঝোতায় এ বিষয়টি আবারো ওঠে এসেছে যে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও সমন্বয়ের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। "এ ক্ষেত্রে বৈশ্বিক নেতৃত্বে বাংলাদেশ আবারো উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে," বলেন ইউএনডিপি কর্মকর্তা। কানকুন জলবায়ু সম্মেলনের ফলাফল সম্পর্কে তিনি বলেন, "আমরা কপ সিক্সটিন থেকে কোনো চুক্তিতে উপনীত হতে পারিনি। কিন্তু ২০১২-উত্তর ক্লাইমেট রেজিমের একটি ভিত্তি রচনা করতে পেরেছি।" বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ এর নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, কানকুন সম্মেলনের সমঝোতা অনুযায়ী বার্ষিক তিন হাজার কোটি ডলারের তহবিল পর্যাপ্ত নয়। কারণ, নিজেদের রক্ষায় পৃথিবীর দরিদ্র দেশগুলো এর চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করেছে। "বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষ সরকারের অর্থ কিংবা সাহায্যের জন্য অপেক্ষা করেনি, উঁচু স্থানে ঘর নির্মাণের জন্য তারা নিজেদের অর্থই ব্যয় করেছে," বলেন এই পরিবেশ বিশেষজ্ঞ। তবে কানকুন জলবায়ু সম্মেলনকে তিনি কোপেনহেগেন সম্মেলনের চেয়ে অনেক বেশি 'প্রাণবন্ত ও সহযোগিতামূলক' বলে মনে করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমআর/জেবি/এইচএ/২২৫৬ ঘ.