২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে পাখি এসেছে

অন্যবারের চেয়ে দেরিতে হলেও শেষ পর্যন্ত অতিথি পাখি আসতে শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 07:30 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্যবারের চেয়ে দেরিতে হলেও শেষ পর্যন্ত অতিথি পাখি আসতে শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের কারণে এ বছর পাখি শীতের শুরুতে আসেনি। যদিও নভেম্বরেই পাখি আসতে শুরু করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে। ৭০০ একরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছোট বড় আটটি জলাধার রয়েছে। এর মধ্যে প্রশাসনিক ভবনের সামনে এবং পাশের দুটি বড় জলাশয়ে পাখি বেশি আসে। এ মৌসুমে সোমবারই প্রথম এ দুটি জলাশয়ে প্রায় একশ পাখির দেখা মেলে। যা দেখে প্রতিবছর অতিথি পাখি দেখতে অভ্যস্ত শিক্ষক-শিক্ষার্থীরা কিছুটা স্বস্তি ফেরে। শিক্ষার্থীরা বলছে, এ বছর প্রথমে জুন মাসে একবার এবং পরে নভেম্বর মাসে পুনরায় ক্যাম্পাসের জলাধারগুলোতে আবার মাছ ধরা হয়। এরপর এসব জলাধারে মাছ চাষের জন্য চুন দেওয়া হয় এবং জলাধার তীরবর্তী জঙ্গলও পরিস্কার করা হয়। এ কারণেই এবার পাখি সময় মতো আসেনি। শিক্ষার্থীদের অভিযোগ সমর্থন করে পাখি বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাধারণত নভেম্বর মাসের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত ক্যাম্পাসে অতিথি পাখি অবস্থান করে, তাই অক্টোবর ছাড়া অন্য কোন মাসে জলাধারে নামলে পাখির স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে।" তবে আখির আবাস ধ্বংসের অভিযোগ নাকচ করে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশাসন বরং অতিথি পাখি রক্ষা এবং তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার জন্য তৎপর।" প্রতি বছর সেপ্টেম্বর মাসের শুরুতে হিমালয় পর্বতশালার উত্তরে শীত নামতে শুরু করায় উত্তরের শীতপ্রধান অঞ্চল সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন, নেপাল ও ভারতে তুষারপাত হয়। তখন হাজার মাইল পথ পাড়ি দিয়ে নিরাপদ আবাস হিসেবে বাংলাদেশসহ অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চল বেছে নেয় ওই অঞ্চলের পাখিগুলো। মার্চ মাসের শেষের দিকে তারা ফিরে যায় আপন নীড়ে। বাংলাদেশের যে সব স্থানে অতিথি পাখি আসে, তার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যতম। মোস্তফা ফিরোজ বলেন, "অতিথি পাখি আমাদের সম্পদ এবং এদের রক্ষা করার দায়িত্বও আমাদের। যেহেতু জাবি ক্যাম্পাস অতিথি পাখির জন্য বিখ্যাত, সেহেতু তাদের রক্ষার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমলে নেয়া উচিৎ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৫ ঘ.