২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জলবায়ু তহবিল সংগ্রহে আরো সচেষ্ট হওয়া উচিত'

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তহবিল সংগ্রহে বাংলাদেশের আরো সচেষ্ট হওয়া উচিত বলে মনে করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক হেলেন ক্লার্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 03:48 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তহবিল সংগ্রহে বাংলাদেশের আরো সচেষ্ট হওয়া উচিত বলে মনে করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক হেলেন ক্লার্ক। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ওপরই সবচেয়ে বেশি প্রভাব পড়বে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরো তহবিল সংগ্রহের জন্য দেশটির তাই তৎপর হওয়া উচিত।" জলবায়ু পরিবর্তন তহবিল এক হাজার কোটি থেকে ১০ হাজার কোটি মার্কিন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনাও জানান তিনি। ক্লার্ক বলেন, "বাংলাদেশকে এর একটি উল্লেখযোগ্য অংশ পাওয়া পরিকল্পনা করা উচিৎ।" তিনি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে দারিদ্র্য কমানো, প্রাথমিক শিক্ষা, লৈঙ্গিক বৈষম্য দূরীকরণ ও শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেন। ভবিষ্যতেও এসব ইস্যুতে কাজ করার ওপর জোর দিয়ে মাতৃমৃত্যু ও জলবায়ু পরিবর্তনের কারণে দেশের অভ্যন্তরে মানুষের স্থান পরিবর্তনের বিষয়টিকেও গুরুত্ব দেন। নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ক্লার্ক গত ১০ নভেম্বর ঢাকা আসেন। তিনদিনের সফর শেষে শনিবার রাতে তার বাংলাদেশ ত্যাগ করার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/পিডি/২১৪৩ ঘ.