২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণাঞ্চলে এফএও'র আইলা পুনর্বাসন সহায়তা শুরু

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আইলা ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে বাংলাদেশ সরকারের একটি সমন্বিত পুনর্বাসন কর্মসূচিতে যোগ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 05:18 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আইলা ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে বাংলাদেশ সরকারের একটি সমন্বিত পুনর্বাসন কর্মসূচিতে যোগ দিয়েছে। এফএও'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং বাংলাদেশে এফএও'র প্রতিনিধি এড স্পাইকার্স আইলায় সাতক্ষীরার শ্যামনগর এবং খুলনার কয়রা উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মধ্যে শনিবার কৃষি উপকরণ বিতরণ করেন। এফএও'র আইলা পুনর্বাসন কর্মসূচি'র আওতায় বিতরণ করা কৃষি উপকরণের মধ্যে রয়েছে- ৫০ টন ধান বীজ ও সবজী বীজ এবং তার জন্য প্রয়োজনীয় পরিমাণের ইউরিয়া, এমওপি ও টিএসপি সার। লবণাক্ততা বেড়ে যাওয়া এলাকাগুলোর কথা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, "কৃষকরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। লবণাক্ততা সহনক্ষম ধান, ভুট্টা, তরমুজ ইত্যাদি চালু করছি আমরা।" শ্যামনগর ও কয়রায় পৃথক দুটি সমাবেশে এড স্পাইকার্স বলেন, "ভাল বীজ থেকে ভাল ফলন হয়। আমাদেরকে সুষম সারের ব্যবহারসহ ভাল কৃষি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।" তিনি বলেন, কৃষির প্রবৃদ্ধি ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখার ক্ষেত্রে দেশের দক্ষিণাঞ্চলের প্রভুত সম্ভাবনা রয়েছে। মতিয়া ও স্পাইকার্স দক্ষিণের প্রত্যন্ত এলাকায় ভেঙে যাওয়া বেড়ি বাঁধ এবং পানিবন্দি মানুষের দুঃসহ ও নিরাপত্তাহীন জীবনযাপন প্রত্যক্ষ করেন। এ সময় মতিয়া চৌধুরী বলেন, "দাতাগোষ্ঠীর সহায়তা নিয়ে বা সহায়তা ছাড়াই সরকার ভেঙে যাওয়া অবকাঠামো মেরামতে জরুরি ব্যবস্থা নেবে।" কয়রায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এইচএ/২৩১৩ ঘ.